ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » প্রতিযোগিতায় টিকতে চ্যালেঞ্জ জয়ের বিকল্প নেই: প্রধানমন্ত্রী

প্রতিযোগিতায় টিকতে চ্যালেঞ্জ জয়ের বিকল্প নেই: প্রধানমন্ত্রী

নবপ্রকাশ ডেস্ক:

বিশ্ব বসতি দিবসে সর্বজনীন ও টেকসই আবাসনের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বসতি বলতে কেবল একটি ঘর বোঝায় না; এর সঙ্গে নিরাপদ পানি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, উন্নত পয়ঃনিষ্কাশন, গণপরিবহন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো সুযোগ-সুবিধা সরাসরি সম্পৃক্ত। বাংলাদেশের মতো জনবহুল দেশে প্রতিটি নাগরিকের জন্য এসব সুবিধাসহ আবাসন নিশ্চিত করা কঠিন হলেও চ্যালেঞ্জ মোকাবিলা করেই সরকারকে এগিয়ে যেতে হবে।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বিশ্ব বসতি দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি উল্লেখ করেন, রাজধানী ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ধারণক্ষমতার চেয়ে বহুগুণ বেশি মানুষ বসবাস করছে। এ বাস্তবতায় ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ ধারণার কোনো বিকল্প নেই। নাগরিকদের মৌলিক সাংবিধানিক অধিকার হিসেবে পরিকল্পিত, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব আবাসন নিশ্চিত করতে বর্তমান সরকার সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণে দৃঢ়প্রতিজ্ঞ।

প্রধানমন্ত্রী জানান, নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের মানুষের আবাসনের ব্যবস্থা করা সরকারের অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার। এজন্য প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হচ্ছে। সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন এরই অংশ। এর মাধ্যমে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ১১ নম্বর অভীষ্ট অর্জন সহজতর হবে।

শহরের ওপর চাপ কমাতে বিকেন্দ্রীভূত ও ভারসাম্যপূর্ণ উন্নয়নের ওপর জোর দিয়ে তারেক রহমান বলেন, কেন্দ্রীভূত নগরায়ণ নয়, সরকার সারা দেশের জন্য স্থানিক পরিকল্পনা প্রণয়ন এবং ঢাকার চারপাশে ‘সেকেন্ডারি টাউনশিপ’ গড়ে তোলার পদক্ষেপ নিয়েছে। এছাড়া গ্রামাঞ্চলে নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং দেশব্যাপী যোগাযোগ ব্যবস্থা আরও দ্রুত ও নিরাপদ করে শহরমুখী মানুষের ঢল কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

পরিবেশ সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে সুপরিকল্পিত আবাসন গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। আবাসন সংকট নিরসনে বেসরকারি উদ্যোক্তাদের সমন্বিত অংশগ্রহণের আহ্বান জানান তিনি। ব্লকভিত্তিক আবাসন উৎসাহিত করা, পার্ক ও খেলার মাঠ স্থাপন এবং নির্দিষ্ট জোনে শিল্পাঞ্চল গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে