ঢাকা
ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » পোপ লিও ক্যান্সারে আক্রান্ত, ফুসফুসের অংশবিশেষ অপসারণ

পোপ লিও ক্যান্সারে আক্রান্ত, ফুসফুসের অংশবিশেষ অপসারণ

ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ চতুর্দশ লিও। ভ্যাটিকান জানিয়েছে, অস্ত্রোপচারের মাধ্যমে তার ডান ফুসফুসের নিচের অংশ অপসারণ করা হয়েছে। অস্ত্রোপচার সফল হয়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

৭১ বছর বয়সী পোপ মঙ্গলবার রোমের জেমেলি হাসপাতালে প্রায় ৯০ মিনিটের অস্ত্রোপচারের মুখোমুখি হন। পরে পরীক্ষায় তার ফুসফুসে পালমোনারি অ্যাডেনোকার্সিনোমা শনাক্ত হয়। এটি ফুসফুসের ক্যান্সারের একটি ধরন।

ভ্যাটিকানের বিবৃতিতে বলা হয়, অস্ত্রোপচারের পর পোপ স্বাভাবিকভাবে জ্ঞান ফিরে পান। কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখার পর তাকে নিজের কক্ষে নেওয়া হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে তাকে প্রায় এক সপ্তাহ হাসপাতালে থাকতে হতে পারে।

ভ্যাটিকান জানায়, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় তার ফুসফুসে একটি নডিউল বা পিণ্ড শনাক্ত হয়। পরবর্তী পরীক্ষায় সেটি ক্যান্সারযুক্ত বলে নিশ্চিত হন চিকিৎসকেরা। অস্ত্রোপচারটি সম্পূর্ণভাবে সম্পন্ন করতে তার ডান ফুসফুসের নিচের খণ্ডটি অপসারণ করা হয়েছে। ক্যান্সার অন্যত্র ছড়িয়ে পড়েছে কি না, তা জানতে আরো পরীক্ষা চলছে বলে জানিয়েছে ভ্যাটিকানের একটি সূত্র।

এর আগে রোববার সেন্ট পিটার্স স্কয়ারের বারান্দা থেকে ভাষণ দেয়ার সময় পোপ নিজেই তার অস্ত্রোপচারের কথা জানান। তিনি বলেন, ফুসফুসের নডিউলটি সীমাবদ্ধ ছিল এবং খুব প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা হয়েছিল। তবে চিকিৎসকেরা সেটি অপসারণের পরামর্শ দেন।

জেমেলি হাসপাতালের বক্ষশল্যচিকিৎসা বিভাগের একটি দল তার অস্ত্রোপচার করে। সুস্থ হয়ে ওঠার জন্য পোপের ২০ অক্টোবর পর্যন্ত নির্ধারিত কর্মসূচি বাতিল করা হয়েছে।

ভ্যাটিকান জানিয়েছে, ফুসফুসে নডিউল থাকা অস্বাভাবিক নয় এবং সব নডিউল ক্যান্সারযুক্তও হয় না। তবে পরীক্ষায় পোপের ক্ষেত্রে পালমোনারি অ্যাডেনোকার্সিনোমা নিশ্চিত হয়েছে। অস্ত্রোপচারের আগের পরীক্ষায়ও এ ধরনের ক্যান্সারের আশঙ্কা করা হয়েছিল। ভ্যাটিকানের ভাষ্য অনুযায়ী, পোপের মধ্যে সংক্রমণ বা অসুস্থতার দৃশ্যমান কোনো লক্ষণ ছিল না।

টোকিওর কার্ডিনাল কিকুচি তারসিসিও ইসাও সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, সোমবার পোপ লিওর সাথে তার সাক্ষাৎ হয়েছিল। তখন পোপ শারীরিকভাবে কোনো সমস্যার কথা জানাননি বলেও উল্লেখ করেন তিনি।

কার্ডিনাল কিকুচির ভাষ্য অনুযায়ী, নভেম্বরের শুরুতে লাতিন আমেরিকা সফরের পরিকল্পনা থাকায় পোপ যত দ্রুত সম্ভব হাসপাতালে ভর্তি হয়ে অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেন। ওই সফরে পেরু যাওয়ার কথা রয়েছে তার। দেশটিতে বহু বছর ধর্মপ্রচারক এবং পরে বিশপ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন পোপ লিও।

তবে পোপের অসুস্থতার খবরে বিশ্বজুড়ে ক্যাথলিকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ভ্যাটিকানের সেক্রেটারি অব স্টেট কার্ডিনাল পিয়েত্রো পারোলিন মঙ্গলবার সাংবাদিকদের বলেন, “আমি কি চিন্তিত? হ্যাঁ, কারণ এমন কিছু ঘটবে বলে আমি নিশ্চিতভাবেই আশা করিনি।”

তিনি খবরটিকে ‘আকাশ থেকে বজ্রপাতের’ সাথে তুলনা করেন। তবে তার ভাষ্য, পোপের স্থিরতা দেখে কার্ডিনালরা আশ্বস্ত হয়েছেন এবং তার সুস্থ হয়ে ওঠার ব্যাপারে আশাবাদী।

পোপকে ভর্তি করার পর জেমেলি হাসপাতালের বাইরে কয়েকজন ক্যাথলিক অপেক্ষা করেন। হাসপাতালটিতে এর আগেও একাধিক পোপের চিকিৎসা হয়েছে। সেখানে দ্বিতীয় জন পলের একটি বিশাল মূর্তিও রয়েছে।

কার্লা নামের এক নারী পোপের কাছাকাছি থাকতে হাসপাতালে এসেছিলেন। বিবিসিকে তিনি বলেন, “তাকে শান্ত মনে হচ্ছে, তাই আমরাও শান্ত আছি। যদিও অসুস্থতা সব সময়ই উদ্বেগের। আমরা এখানে অপেক্ষা করব এবং প্রার্থনা করব।”

সেন্ট পিটার্স স্কয়ারে পোপের ঘোষণা শোনার সময় সেখানে উপস্থিত ছিলেন এলসা নামের আরেক নারী। তিনি বলেন, “আমি সত্যিই হতবাক হয়ে গিয়েছিলাম।” পোপ লিও নির্বাচিত হওয়ার সময় তাকে তুলনামূলক তরুণ ও সুস্থ মনে হয়েছিল বলে জানান তিনি। পরে এলসা বলেন, “দেখা যাচ্ছে, তিনিও দুর্বল।”

সূত্র : বিবিসি

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে