ঢাকা
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » পীরগঞ্জে পৌর ভবনের ছাদ ধস: শোকের ৫ দিন, থমকে আছে আইনি ব্যবস্থা

পীরগঞ্জে পৌর ভবনের ছাদ ধস: শোকের ৫ দিন, থমকে আছে আইনি ব্যবস্থা

নবপ্রকাশ ডেস্ক:

রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌর ভবনের প্রধান ফটকের ছাদ ধসে দুজন শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পাঁচ দিন পার হলেও দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর থেকে মামলার আসামি প্রকৌশলীরা কর্মস্থলে অনুপস্থিত ও পলাতক থাকলেও তাঁদের বিরুদ্ধে নেই কোনো প্রশাসনিক তৎপরতা। এমনকি এজাহারভুক্ত এক কর্মকর্তা গ্রেপ্তার হয়ে জেলহাজতে থাকলেও তাঁকে নিয়ম অনুযায়ী এখনও সাময়িক বরখাস্ত করা হয়নি। দুর্ঘটনার প্রায় এক সপ্তাহ পার হতে চললেও গতকাল শনিবার কেবল পুলিশ প্রশাসনের কাছে মামলার কাগজপত্র চাওয়া হয়েছে।

গত মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) পীরগঞ্জ পৌর ভবনের নির্মাণাধীন গেটের ছাদ ধসে পড়ে দুই নির্মাণ শ্রমিক প্রাণ হারান এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন।

মামলা, গ্রেপ্তার ও আসামিদের তালিকা

দুর্ঘটনার পরদিন (১৪ অক্টোবর) নিহত শ্রমিক আসাদুলের বাবা ঠান্ডা মণ্ডল বাদী হয়ে পীরগঞ্জ থানায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলায় ঠিকাদার, পৌর সচিব, প্রকৌশলী ও সাব-ঠিকাদারসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

মামলার পরই এজাহারভুক্ত আসামি পৌর নির্বাহী (সচিব) আব্দুর রহিম প্রামাণিক টিপুকে পুলিশ গ্রেপ্তার করে। পরবর্তীতে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অন্য প্রধান আসামিরা হলেন—পৌর প্রকৌশলী নুরুজ্জামান সরকার, উপসহকারী প্রকৌশলী মেহেরাব হোসেন জনি, কার্যসহকারী রাফিকুন খান, প্রধান ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ভিশন ২০২০’-এর স্বত্বাধিকারী শাহিদুল ইসলাম, সাব-ঠিকাদার হাফিজুর রহমান ও লাবলু এবং ম্যানেজার ওলিউল্লাহ ওলি ও নয়ন। তবে ঘটনার পর থেকে প্রকৌশলীসহ মূল আসামিরা গাঢাকা দিয়ে পলাতক রয়েছেন।

আইন লঙ্ঘন ও দাপ্তরিক উদাসীনতা

‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এবং ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী, কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারী ফৌজদারি অপরাধে গ্রেপ্তার বা কারাগারে আটক থাকলে আটক থাকার প্রথম দিন থেকেই তিনি স্বয়ংক্রিয়ভাবে সাময়িক বরখাস্ত বলে গণ্য হবেন। কিন্তু পীরগঞ্জ পৌরসভার ক্ষেত্রে এই আইনি বাধ্যবাধকতা সত্ত্বেও আটক পৌর সচিবের বরখাস্তে কালক্ষেপণ করা হচ্ছে।

এ প্রসঙ্গে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি (ডিডিএলজি) শরিফুল আলম জানান, পীরগঞ্জ থানা থেকে মামলার যাবতীয় নথিপত্র চাওয়া হয়েছে। কাগজপত্র হাতে পাওয়ার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অবহিত করে বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারি জানান, দুর্ঘটনার পরদিন সার্বিক পরিস্থিতি জানিয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। পীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জানিয়েছেন, পলাতক প্রকৌশলী ও অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জেলা প্রশাসনের তদন্ত দলের সরেজমিন পরিদর্শন

এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনার কারণ উদঘাটনে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুমের নেতৃত্বে কমিটি সরেজমিনে ধসে পড়া ধ্বংসস্তূপ ঘুরে দেখেন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

সাংবাদিকদের তিনি জানান, “দুর্ঘটনার প্রকৃত কারণ এবং নির্মাণকাজে কোনো ধরনের গাফিলতি বা দুর্নীতি ছিল কিনা, তা বের করতে অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ চলছে। উদ্ধারকৃত আলামত ও নথি যাচাই-বাছাই শেষে দ্রুততম সময়ে জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।”

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে