ঢাকা
ঢাকা, বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকূপের সন্ধান, জাতীয় গ্রিডে মিলবে ৭০ লাখ ঘনফুট গ্যাস

নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাসকূপের সন্ধান, জাতীয় গ্রিডে মিলবে ৭০ লাখ ঘনফুট গ্যাস

নবপ্রকাশ ডেস্ক:

নোয়াখালীর সেনবাগে নতুন একটি গ্যাসকূপের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। বুধবার (৭ অক্টোবর) সকালে সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের ‘সুন্দলপুর-৪’ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পের পরিচালক মো. মোজাম্মেল হক আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রাথমিক প্রাক্কলন অনুযায়ী, এই কূপটি থেকে প্রতিদিন প্রায় ৬০ থেকে ৭০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করছে বাপেক্স।

প্রকল্প পরিচালক মো. মোজাম্মেল হক জানান, কূপটিতে বর্তমানে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) কার্যক্রম অব্যাহত রয়েছে। আগামী দুই থেকে তিন দিন এই ডিএসটি পরীক্ষা চলবে। পরীক্ষা শেষে কূপের মোট মজুত এবং সেখান থেকে মোট উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ সম্পর্কে সুনির্দিষ্টভাবে নিশ্চিত হওয়া যাবে।

বাপেক্স সূত্রে জানা যায়, চলতি বছরের গত ২৯ জুলাই কূপটির খননকাজ শুরু হয়। ডিরেকশনাল ওয়েল পদ্ধতিতে অত্যাধুনিক এমডব্লিউডি (মেজারমেন্ট হোয়াইল ড্রিলিং) প্রযুক্তি ব্যবহার করে কূপটি ভূগর্ভের ১ হাজার ৫৭৮ মিটার গভীর পর্যন্ত খনন করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪২০ মিটার থেকে ১ হাজার ৪৬০ মিটার গভীরতার স্তরে গ্যাসের বাণিজ্যিক উপস্থিতি চিহ্নিত করা গেছে।

উল্লেখযোগ্য যে, এর আগে একই গ্যাসক্ষেত্র কাঠামোর অধীনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর এলাকায় সুন্দলপুর-১, ২ ও ৩ নম্বর কূপ খনন করা হয়েছিল। নতুন সন্ধান পাওয়া কূপটির ভৌগোলিক অবস্থান সেনবাগ উপজেলায় হলেও একই ভূগর্ভস্থ কাঠামোর অন্তর্ভুক্ত হওয়ায় ঐতিহ্য ও নিয়ম অনুযায়ী এর নামকরণ করা হয়েছে ‘সুন্দলপুর-৪’।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে