বিনোদন ডেস্ক
সম্প্রতি ইতালির ভেনিসে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তার অভিযোগ, নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত। বিষয়টি সামনে আসার পর সহশিল্পী ও সাধারণ নেটিজেনদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। একই সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
দেশের বাইরে ঘটে যাওয়া এমন ঘটনা এবং নারী ও শিল্পীদের প্রতি মানুষের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা নিয়ে এবার নিজের উদ্বেগ প্রকাশ করেছেন মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ বিষয়ে হতাশা প্রকাশ করেন তিনি। তবে পোস্টে সরাসরি বাঁধনের নাম উল্লেখ করেননি পিয়া।
তিনি লেখেন, মানুষ দিন দিন আরও বেশি নিষ্ঠুর ও সংবেদনহীন হয়ে উঠছে। বিশেষ করে নারী ও শিল্পীদের প্রতি এমন আচরণ তাকে ভাবিয়ে তুলছে বলে জানান তিনি।
পিয়া আরও বলেন, দেশের বাইরে গেলেই মানুষের চিন্তাভাবনা বদলে যায় কিংবা মানসিকতা আরও উদার হয়ে ওঠে—এমনটা সবসময় সত্য নয়। তার মতে, প্রকৃত উন্নতির পরিচয় পাওয়া যায় একজন মানুষ অন্যকে কতটা সম্মান করেন, অন্যের অনুভূতি কতটা বোঝেন এবং কতটা মানবিক থাকতে পারেন—এসব আচরণের মধ্য দিয়ে।
তিনি আক্ষেপ করে বলেন, মানবিকতা ও পারস্পরিক সম্মানের মতো জায়গাগুলোতেই মানুষ যেন ধীরে ধীরে পিছিয়ে পড়ছে।
প্রসঙ্গত, সম্প্রতি ইতালির ভেনিসে প্রকাশ্যে হেনস্তা ও হামলার অভিযোগ করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তার দাবি, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয় থাকার কারণেই তাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।
বাঁধনের ভাষ্য অনুযায়ী, হামলাকারীদের কয়েকজন নিজেদের নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী এবং ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দিয়েছিলেন।
