ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » “দৈনিক নবপ্রকাশ” পত্রিকায় প্রকাশিত বিশেষ প্রতিবেদনের জের: ইইডি’র অঘোষিত সম্রাট শাহজাহান আলী ওএসডি

“দৈনিক নবপ্রকাশ” পত্রিকায় প্রকাশিত বিশেষ প্রতিবেদনের জের: ইইডি’র অঘোষিত সম্রাট শাহজাহান আলী ওএসডি

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: দীর্ঘদিন ধরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) বিভিন্ন প্রকল্প, দরপত্র ও প্রশাসনিক কর্মকাণ্ডে প্রভাব বিস্তারের অভিযোগে আলোচিত তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. শাহজাহান আলীকে অবশেষে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উন্নয়ন-৩ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
একই প্রজ্ঞাপনে চট্টগ্রাম সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আলী ইমামকে প্রধান কার্যালয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ঢাকায় তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে বদলি করা হয়েছে। সরকারের ভাষ্য অনুযায়ী, “জনস্বার্থে” এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এই প্রশাসনিক পদক্ষেপটি বিশেষভাবে আলোচনায় এসেছে, কারণ এর ঠিক আগে দৈনিক নবপ্রকাশে প্রকাশিত “ইইডি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহজাহান – অঘোষিত সম্রাট?” শিরোনামের অনুসন্ধানী প্রতিবেদনে শাহজাহান আলীর বিরুদ্ধে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রশাসনিক ও প্রকল্প ব্যবস্থাপনায় অস্বাভাবিক প্রভাব বিস্তারের অভিযোগ তুলে ধরা হয়েছিল। প্রতিবেদনটি প্রকাশের পর সরকারি ও প্রকৌশল অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে প্রধান কার্যালয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চলতি দায়িত্ব) হিসেবে কর্মরত মো. শাহজাহান আলীকে একই কার্যালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চট্টগ্রাম সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আলী ইমামকে প্রধান কার্যালয়ে বদলি করে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দায়িত্ব দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
কেন আলোচনায় ছিলেন শাহজাহান?

দৈনিক নবপ্রকাশের অনুসন্ধানী প্রতিবেদনে অভিযোগ করা হয়েছিল, দীর্ঘদিন ধরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প, দরপত্র ব্যবস্থাপনা, কর্মকর্তা-কর্মচারীদের পদায়ন এবং প্রশাসনিক নানা সিদ্ধান্তে শাহজাহান আলীর প্রভাব ছিল দৃশ্যমান। “দৈনিক নবপ্রকাশ” পত্রিকার প্রতিবেদনে তাকে অধিদপ্তরের ‘অঘোষিত সম্রাট’ হিসেবে উল্লেখ করা হয়, আনুষ্ঠানিক ক্ষমতার সীমার বাইরে গিয়েও তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রভাব বিস্তার করতেন।

উল্লেখ্য যে, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মন্ত্রী,প্রতিমন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তা – কর্মচারীদের সাথে সরাসরি সংশ্লিষ্টতার মধ্য দিয়ে তিনি তার এই প্রভাব বিস্তার করতেন।

প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ঠিকাদার প্রতিষ্ঠান এবং প্রকৌশলী মহলেও এ নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। এরই মধ্যে তাকে ওএসডি করার সরকারি সিদ্ধান্ত আসে।

সাম্প্রতিক সময়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, অবকাঠামো নির্মাণ, টেন্ডার কার্যক্রম এবং প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। সরকারি উন্নয়ন বাজেটের বড় একটি অংশ বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে ইইডির কার্যক্রম দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে।

জে আই আর/এন পি

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে