নিজস্ব প্রতিবেদক: দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন মারা গেছে হামের উপসর্গ নিয়ে এবং ১ জনের নিশ্চিত হামে মৃত্যু হয়েছে। রোববার (১৭ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪৩ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে এবং সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ২৭৪ শিশু।স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুরু করে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে দেশে মোট ৪৫৯ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৭৫ শিশু এবং হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ৩৮৪ জন। একই সময়ে ল্যাব-পরীক্ষায় নিশ্চিতভাবে হাম আক্রান্ত শিশু শনাক্ত হয়েছে ৭ হাজার ৭৬৭ জন এবং সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৭ হাজার ৮৪৬ শিশু। চিকিৎসকরা শিশুদের হামের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করার এবং টিকাদান কর্মসূচি সফল করতে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন।
এনপি/এইচডি
