দলের নাম ভাঙিয়ে কোনো অপকর্মে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে নেতাকর্মীদের হুঁশিয়ার করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমার প্রধান দায়িত্ব হবে দলকে সুশৃঙ্খল ও সুসমন্বিতভাবে পরিচালনা করা। দলের চেয়ারম্যানের নির্দেশিত সাংগঠনিক কর্মকাণ্ড যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেভাবেই কাজ করব।
গতকাল সোমবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়া জনকল্যাণে কাজ করেছেন। নারীর ক্ষমতায়ন ও দেশের আর্থিক উন্নয়নে তাদের নেওয়া পদক্ষেপ বিএনপির জনপ্রিয়তা বাড়িয়েছে। তারই ধারাবাহিকতায় তারেক রহমান নতুন কিছু কর্মসূচি বাস্তবায়ন করছেন, যেগুলো জনগণের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে।
ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দলের নেতাকর্মীরা এসব কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করবেন এবং জনগণের কাছে তা তুলে ধরবেন। এর মাধ্যমে বিএনপির জনপ্রিয়তা আরও বাড়বে। বিএনপিকে ঘিরে নানা ষড়যন্ত্র হচ্ছে। তবে হাজারো ষড়যন্ত্র হলেও বিএনপি তা মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রিজভী বলেন, স্থানীয় পর্যায়ে দলের নেতারা সবকিছু যাচাই-বাছাই করে ইউপি নির্বাচনে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন। দলীয় প্রতীক না থাকায় স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হবেন বলেও প্রত্যাশা করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দলের নেতাকর্মী যদি জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকেন, তাহলে কেউ অনৈতিক চিন্তা করতে পারবে
না। কারণ, আমাদের প্রতিটি কাজ, সরকারের প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী জবাবদিহির প্রতিটি স্তর করেছেন। প্রতিটি ক্ষেত্রে তিনি জবাবদিহি নিশ্চিত করেছেন। জনস্বার্থের বাইরে বিএনপি কোনো কাজ করবে না।
তিনি বলেন, সারাদেশের নেতাকর্মীদের মধ্যে হয়তো দুই-একজন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন। তাদের বলব, ৫ আগস্টের পর থেকে আমাদের চেয়ারম্যান শক্ত হাতে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন। সুতরাং কেউ অনৈতিক কাজ করবেন না। গঠনমূলক কাজে থাকবেন। দলকে শক্তিশালী করতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদ এবং ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
