নবপ্রকাশ ডেস্ক:
ময়মনসিংহের কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় চলন্ত অবস্থায় দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর ‘তিস্তা এক্সপ্রেস’ ট্রেনের বগি বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে। এই আকস্মিক যান্ত্রিক গোলযোগে ঢাকা-ময়মনসিংহ রুটে প্রায় ৩০ মিনিট ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল পৌনে ১০টা থেকে সোয়া ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের গফরগাঁও অংশের কাওরাইদ ও মশাখালী স্টেশনের মাঝামাঝি পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। পরবর্তীতে বগির ভাঙা সংযোগ হুক দ্রুত মেরামত শেষে সকাল পৌনে ১১টার দিকে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার মো. হানিফ মিয়া জানান, রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি কাওরাইদ-মশাখালী স্টেশনের মাঝামাঝি এলাকায় পৌঁছালে হঠাৎ চলন্ত ট্রেনের দুটি বগির মধ্যবর্তী সংযোগ হুক ভেঙে যায়। সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথেই চালক অত্যন্ত সতর্কতা ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ট্রেনটি থামিয়ে দেন।
তিনি আরও জানান, বগি বিচ্ছিন্নের খবর পেয়ে রেলওয়ের কারিগরি কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও মেরামত কাজ সম্পন্ন করেন। সাময়িকভাবে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকলেও বেলা পৌনে ১১টার পর থেকে রুটটিতে রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে।
