নবপ্রকাশ ডেস্ক: রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (৭ জুন) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে হঠাৎ কয়েক সেকেন্ডের জন্য কেঁপে ওঠে ভবন ও স্থাপনা। ভূমিকম্পের স্থায়িত্বকাল ৩৭ সেকেন্ড এতে আতঙ্কিত হয়ে অনেকেই বাসা-বাড়ি ও বিভিন্ন ভবন থেকে দ্রুত নিচে নেমে আসেন।
প্রাথমিকভাবে জানা গেছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩।
তবে এর উৎপত্তিস্থল কোথায় ছিল– এ বিষয়ে তাৎক্ষণিকভাবে এখনো কিছু জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়। এছাড়া চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলা থেকেও কম্পন অনুভূতের খবর পাওয়া গেছে।
ভূমিকম্পের আকস্মিক কম্পনে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন। বিশেষ করে বহুতল ভবনে অবস্থানকারীদের মধ্যে আতঙ্ক বেশি দেখা যায়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে ভূমিকম্পের উৎপত্তিস্থল, মাত্রা ও ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র বিষয়টি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।
জে আই আর
