নবপ্রকাশ ডেস্ক:
দেশে ডেঙ্গু রোগের বিস্তার রোধ ও সাধারণ মানুষের মাঝে সামাজিক সচেতনতা জোরদারে পাড়া-মহল্লায় নিয়মিত মাইকিং এবং মসজিদের জুমার খুতবায় সচেতনতামূলক বক্তব্য উপস্থাপনের প্র প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক এক বিশেষ পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী এই গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
সভায় দেশের বর্তমান ডেঙ্গু পরিস্থিতি ও আগামী দিনগুলোর ঝুঁকি পর্যালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, “ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী কয়েকটি মাস অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ। এ সময়ে এডিস মশার বংশবৃদ্ধি রোধ এবং প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সকল সরকারি দফতর ও সংস্থাকে সমন্বিতভাবে ময়দানে কাজ করতে হবে। বিশেষ করে যেসব নগর বা পাড়া-মহল্লায় আক্রান্তের হার বেশি, সেগুলোকে রেড জোন বা ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে সেখানে মশা নিধন ও স্প্রে কার্যক্রম জোরদার করতে হবে।”
ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি পদক্ষেপই যথেষ্ট নয় উল্লেখ করে প্রধানমন্ত্রী সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি পাড়া-মহল্লায় মাইকিংয়ের মাধ্যমে জমা পানি অপসারণের বার্তা পৌঁছে দেওয়া এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিটি মসজিদে জুমার নামাজের খুতবায় এডিস মশার ক্ষতিকর দিক ও প্রতিরোধমূলক করণীয় নিয়ে সচেতনতামূলক আলোচনা নিশ্চিত করার নির্দেশনা দেন।
একই সঙ্গে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাসভবন ও আবাসিক কোয়ার্টার, বিভিন্ন সরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান এবং হাসপাতাল প্রাঙ্গণে যাতে কোনো অবস্থাতেই পানি জমে মশার লার্ভা তৈরি হতে না পারে, সে লক্ষ্যে সেসব এলাকা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার তাগিদ দেওয়া হয় সভায়।
উচ্চপর্যায়ের এই পর্যালোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—
-
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
-
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত
-
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম
-
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান
-
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং
-
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
তাছাড়া স্বাস্থ্য সেবা বিভাগ, স্থানীয় সরকার বিভাগ ও ঢাকার দুই সিটি করপোরেশনের সচিবসহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কাজের সুদৃঢ় সমন্বয় বজায় রেখে চলমান ডেঙ্গু বিরোধী প্রচারণাকে ত্বরান্বিত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
