অস্ট্রেলিয়া সফরের শুরুতেই চরম ব্যাটিং বিপর্য্যে পড়েছে বাংলাদেশ। ডারউইনে তিন দিনের প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হয়েছে টাইগাররা। ফলে ম্যাচটিতে ইনিংস ও ৩৮ রানের বড় ব্যবধানে হেরেছে সফরকারীরা।
প্রস্তুতি ম্যাচের এই হতাশাজনক পারফরম্যান্স মূল সিরিজের আগে বড় এক অশনিসংকেত। অনভিজ্ঞ একাদশের বিপক্ষেই যদি ব্যাটিংয়ের এই দশা হয়, তবে শক্তিশালী অস্ট্রেলিয়া দলের সামনে কীভাবে দাঁড়াবে বাংলাদেশ?—এমন প্রশ্ন এখন ক্রিকেটপ্রেমীদের মনে।
তবে এই ব্যর্থতার মধ্যেও ইতিবাচক দিক খুঁজছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। ডারউইনে প্রাপ্ত সময়টাকে কাজে লাগাতে পেরে সন্তুষ্ট তিনি। সিমন্স বলেন, “আমরা যে তিন দিন সময় পেয়েছি এবং যেসব ক্ষেত্র নিয়ে কাজ করেছি, তা বেশ ভালো হয়েছে।”
ব্যাটিং ব্যর্থতা নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, “প্রস্তুতি ম্যাচে আমাদের ব্যাটিং প্রত্যাশা অনুযায়ী হয়নি। খেলোয়াড়েরা যেভাবে আউট হয়েছে, তা মোটেও গ্রহণযোগ্য নয়।”
প্রথম টেস্ট শুরু হতে আর মাত্র তিন দিন বাকি। এই সংক্ষিপ্ত সময়েই ভুলত্রুটি শুধরে নেওয়ার তাগিদ কোচের। তিনি যোগ করেন, “টেস্ট ম্যাচে আমাদের কী করণীয়, তা নিয়ে কাজ করার জন্য এখনো তিন দিন সময় আছে। আমার বিশ্বাস, কাক্সিক্ষত স্থানে পৌঁছাতে ছেলেরা এই কদিন কঠোর পরিশ্রম করবে। প্রস্তুতি ম্যাচটি হতাশাজনক হলেও এটি পেছনে ফেলে আমরা এখন টেস্ট ম্যাচের দিকেই মনোযোগ দিচ্ছি।”
