বিনোদন ডেস্ক:
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অবাধ প্রসারের কারণে একদিকে প্রযুক্তির আধুনিকায়ন হলেও অন্যদিকে মানুষের সাধারণ বোধ-বুদ্ধি ও রুচির তীব্র বিকৃতি ঘটছে বলে বিস্ফোরক মন্তব্য করেছেন দক্ষিণ ভারতীয় সিনেমার নন্দিত অভিনেত্রী ঐশ্বরিয়া লক্ষ্মী। সোশাল মিডিয়ায় তারকাদের নজরকাড়া ছবি বিকৃত করা এবং এআই-নির্মিত অশালীন কনটেন্টের ভিড়ে বিরক্তি প্রকাশ করে ইনস্টাগ্রাম থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা।
‘এই সময়’সহ ভারতের একাধিক শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান সময়ে যখন তারকারা ভক্তদের কাছে পৌঁছাতে এবং কাজের প্রচারে সোশাল মিডিয়ায় সরব উপস্থিতি বজায় রাখতে মুখিয়ে থাকেন, সেখানে পুরোপুরি উল্টো হেঁটে সোশাল ডিজিটাল জগত থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন মালয়ালম ও তামিল সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী।
সোশাল মিডিয়া ছাড়ার মূল কারণ ব্যাখ্যা করতে গিয়ে ঐশ্বরিয়া লক্ষ্মী সোজাসাপ্টা জানান, “সোশাল মিডিয়ায় এআই-নির্ভর প্রযুক্তি দিয়ে নির্মিত বিকৃত কনটেন্ট এবং আমার নিজের ছবি অশালীনভাবে এডিট করার নচ্ছার প্রবণতায় আমি চরমভাবে বিরক্ত। ইন্টারনেটে এই ধরনের বিকৃত ছবি ও ভিডিওর উপস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই সাময়িক বিরতি নয়, ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে নিজেকে স্থায়ীভাবে সরিয়ে রাখাই শ্রেয় মনে করেছি।”
অভিনেত্রী জানান, প্রথম দিকে কাজের বাধ্যবাধকতার কথা ভেবে অ্যাকাউন্টটি কিছুদিন নিষ্ক্রিয় (Deactivate) রাখার কথা ভেবেছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি উপলব্ধি করেন যে সোশাল মিডিয়ায় সক্রিয় থাকতে গিয়ে তাকে বাস্তবের নিজের সত্তাকে বিসর্জন দিয়ে একটি কৃত্রিম চরিত্র তুলে ধরতে হচ্ছিল।
তিনি বলেন, “সোশাল মিডিয়ায় কেউ কী পোস্ট করছেন, তার ভিত্তিতে অনুসারীরা তাঁকে নিয়ে নির্দিষ্ট এক মানসিক ধারণা তৈরি করে নেন। পরবর্তীতে সেই মনগড়া ধারণার সাথে তাল মিলিয়ে চলার এক ধরনের অদৃশ্য মনস্তাত্ত্বিক চাপ তৈরি হয়। আমার মনে হচ্ছিল সোশাল মিডিয়ায় টিকে থাকতে আমাকে সার্বক্ষণিক আলাদা চরিত্রে অভিনয় করতে হচ্ছে—যার থেকে মুক্তি পেতে এই প্ল্যাটফর্ম ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।”
উল্লেখ্য, সম্প্রতি একটি জুয়েলারি প্রদর্শনীতে অংশগ্রহণ করার পর ঐশ্বরিয়া লক্ষ্মীর পরিহিত পোশাক নিয়ে নেটিজেনদের একশ্রেণী তীব্র কুরুচিপূর্ণ ট্রল ও সাইবার বুলিংয়ে মেতে ওঠে। সেই ঘটনার পর ভারতীয় সমাজের একাংশের মানসিকতা ও দৃষ্টিভঙ্গি নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছিলেন এই তারকা।
তিনি কঠোর মন্তব্য করে বলেন, তারকারা কোথায় কী পোশাক পরবেন, কার সাথে মিশবেন বা কী খাবেন—তা সাধারণ দর্শক ঠিক করে দিতে পারেন না। কাজের বাইরে কোনো তারকার ব্যক্তিগত রুচি নিয়ে ট্রল করা হীন মানসিকতার বহিঃপ্রকাশ বলেও উল্লেখ করেন তিনি।
