ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি: পাম্পে কমছে ভিড়, হিসেব মেলাতে হিমশিম সাধারণ মানুষ

জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি: পাম্পে কমছে ভিড়, হিসেব মেলাতে হিমশিম সাধারণ মানুষ

স্টাফ রির্পোটার,নবপ্রকাশ ডেস্ক:

রেকর্ড পরিমাণে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাবে চরম বিপাকে পড়েছেন দেশের সাধারণ ও নিম্ন মধ্যবিত্ত মানুষ। এমনিতেই নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে জর্জরিত জনজীবন, তার ওপর তেলের দাম একলাফে লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধি পাওয়ায় নতুন করে চরম সংকটে পড়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দাম বাড়ার ফলে সাধারণ মানুষকে বাধ্য হয়ে যাতায়াত ও জ্বালানি বাজেটে কাটছাঁট করে চলতে দেখা যাচ্ছে।

রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে, দাম কার্যকর হওয়ার পর থেকে যানবাহনের ভিড় আগের চেয়ে অনেকটাই কমে গেছে। বিশেষ করে মোটরসাইকেল চালকদের উপস্থিতি চোখে পড়ার মতো কম। মগবাজারের ‘যমুনা মইন মোটর’-এর কর্মচারী নূর আলম জানান, পাম্পে তেলের বেচাকেনা উল্লেখযোগ্য হারে কমেছে। যারা তেল নিতে আসছেন, তারাও আগের চেয়ে কম পরিমাণে কিনছেন। রাইড শেয়ারিং চালক আরিফ হোসেন আক্ষেপ করে বলেন, “আগে ২০০ টাকার তেল নিতাম। এখন হিসাব মেলাতে ৩০০ টাকার তেল নেওয়া লাগছে, কিন্তু যাত্রীরা তো বাড়তি ভাড়া দিতে চান না। আমরা এখন হিমশিম খাচ্ছি।”

বেসরকারি চাকরিজীবী জাফর আহমেদের কণ্ঠেও ফুটে ওঠে একই ক্ষোভ। রমনায় তেল নিতে এসে তিনি বলেন, বাজেট ঠিক রাখতে এখন বাধ্য হয়ে আগের চেয়ে কম লিটার অকটেন কিনতে হচ্ছে। অন্যদিকে বাস চালক ও সহযোগীরাও দুশ্চিন্তায় পড়েছেন ভাড়া বাড়ানো নিয়ে। বিহঙ্গ পরিবহনের হেলপার আবুল কাশেম জানান, একলাফে লিটারে ২০ টাকা বাড়ায় এখন যাত্রীদের সাথে ভাড়া নিয়ে বচসা হওয়া স্বাভাবিক। যাত্রীরাও নতুন করে ভাড়া বৃদ্ধির আশঙ্কায় চরম ক্ষোভ প্রকাশ করছেন।

তবে পেট্রোল পাম্প মালিকদের পর্যবেক্ষণ কেবল তেলের দাম বৃদ্ধিই নয়, সাম্প্রতিক সময়ে রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও সহিংসতার কারণেও রাস্তায় যানবাহন কম থাকতে পারে। রমনা পেট্রোল পাম্পের স্বত্ত্বাধিকারী নাজমুল হক বলেন, “মূল্যবৃদ্ধির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মোটরসাইকেল চালকরা। তবে একলাফে ডিজেলের দাম ২০ টাকা বাড়ানো একদমই ঠিক হয়নি। কারণ ডিজেল সাধারণ মানুষের পরিবহন ও কল-কারখানার সাথে সরাসরি যুক্ত। দাম এভাবে একবারে না বাড়িয়ে ধাপে ধাপে বাড়ানো উচিত ছিল।”

উল্লেখ্য, রোববার জারি করা সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী সোমবার থেকে নতুন দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল। বর্তমানে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকায় বিক্রি হচ্ছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। আগের মূল্যের তুলনায় প্রতিটি জ্বালানি তেলের দামই লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সরকারের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ সাধারণ মানুষ এখন হিসাবের চাকা মেলাতে না পেরে দিশেহারা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে