ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » জ্বালানির দাম বাড়লেই কেন সংকট কমে? বিপিসির ব্যাখ্যা চায় সংসদীয় কমিটি

জ্বালানির দাম বাড়লেই কেন সংকট কমে? বিপিসির ব্যাখ্যা চায় সংসদীয় কমিটি

নবপ্রকাশ ডেস্ক:

জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি একই থাকার পরও শুধুমাত্র মূল্যবৃদ্ধির মাধ্যমে কীভাবে সংকট কেটে গেল, সে বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চেয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত স্থায়ী কমিটি। একই সঙ্গে দেশের বাজারে জ্বালানির মূল্য সহনীয় পর্যায়ে রাখতে বিপিসি ও এর আওতাধীন বিপণন সংস্থা পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল পিএলসির ভূমিকা নিয়েও বিস্তারিত আলোচনা করেছে কমিটি।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব আলোচনা ও সুপারিশ উত্থাপিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

বৈঠকে কমিটির সদস্য ও হুইপ মিঞা নূরুদ্দিন আহমেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, সংসদ সদস্য তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মো. মুস্তাফিজুর রহমান ভূঁইয়া এবং মোহাম্মদ নাজিবুর রহমান অংশগ্রহণ করেন।

বৈঠকে বিএসপি ও এর অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর সার্বিক পরিচালনা কার্যক্রম পর্যালোচনা করা হয়। বিশেষ করে বিভিন্ন সময়ে পেট্রোলিয়াম পণ্যের বারবার মূল্যবৃদ্ধি ও মূল্য সমন্বয়ের প্রকৃত কারণ, দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার কৌশল এবং পদ্মা, মেঘনা ও যমুনা অয়েলের ভূমিকা নিয়ে দীর্ঘ আলোচনা হয়।

কমিটির সদস্যরা বিস্ময় প্রকাশ করে উল্লেখ করেন, চলতি বছরের এপ্রিল ও মে মাসে সারা দেশে চরম জ্বালানি সংকট দেখা দিয়েছিল। গভীর রাত পর্যন্ত পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি ও দুর্ভোগ ছিল নিত্যদিনের চিত্র। কিন্তু পরবর্তীতে সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেলের দাম বাড়ার পরপরই অদ্ভুতভাবে বাজারে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। সরবরাহ ব্যবস্থা একই থাকার পর কেবল দাম বাড়লেই কেন সংকট উধাও হয়—তা নিয়ে প্রশ্ন তুলে এর বৈজ্ঞানিক ও প্রশাসনিক ব্যাখ্যা চায় কমিটি।

এ বিষয়ে দেশের বর্তমান জ্বালানি চাহিদা, ভবিষ্যৎ সংকট মোকাবিলার প্রস্তুতি এবং সংরক্ষণ সক্ষমতা সম্পর্কিত পূর্ণাঙ্গ তথ্য পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য বিপিসিকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে জনগণের ওপর বাড়তি চাপ না দিয়ে কীভাবে তেলের দাম সহনীয় ও টেকসই রাখা যায়, তার জন্য একটি বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়নের সুপারিশ করা হয়।

উক্ত বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, বিপিসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে