নবপ্রকাশ ডেস্ক:
‘আর্টিকেল ৩৭০’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য ক্যারিয়ারের প্রথম সেরা অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন বলিউড তারকা ইয়ামি গৌতম। ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন।
পুরস্কার গ্রহণের পর আবেগাপ্লুত কণ্ঠে ইয়ামি গৌতম বলেন, ‘যেকোনো শিল্পী, যিনি সারাজীবন কঠোর পরিশ্রম করেন, তাঁর জন্য এটি অত্যন্ত গর্ব ও সম্মানের বিষয়। মুম্বাইয়ে স্বপ্ন নিয়ে আসা প্রতিটি শিল্পীর হয়েই আমি বলতে চাই—কঠোর পরিশ্রম আর ভালো কাজ করে গেলে একদিন না একদিন অর্জন আসবেই।’ এই স্বীকৃতি তাঁর আত্মবিশ্বাস বহুলাংশে বাড়িয়ে দিয়েছে বলেও জানান তিনি।
আদিত্য সুহাস জামভালে পরিচালিত ‘আর্টিকেল ৩৭০’ ছবিটি ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের মাধ্যমে জম্মু ও কাশ্মীরকে দেওয়া বিশেষ মর্যাদা বাতিলের পটভূমিতে তৈরি। এতে ইয়ামি গৌতম ও প্রিয়ামণি ছাড়াও স্কন্দ ঠাকুর, অশ্বিনী কাউল, বৈভব তত্ত্ববাদী, অরুণ গোভিল ও কিরণ কর্মরকার অভিনয় করেছেন।
২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া ২০ কোটি রুপি বাজেটের ছবিটি বক্স অফিসে ১১০ কোটি রুপির বেশি ব্যবসা করে। ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর পাশাপাশি ‘আর্টিকেল ৩৭০’ সেরা ফিচার ফিল্ম এবং শাশ্বত সচদেব সেরা সংগীত পরিচালকের পুরস্কার অর্জন করেছেন।
