ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » চার বোনের পর জন্ম, সেই আদরের ছেলেকে হারিয়ে বারবার জ্ঞান হারাচ্ছেন মা

চার বোনের পর জন্ম, সেই আদরের ছেলেকে হারিয়ে বারবার জ্ঞান হারাচ্ছেন মা

নবপ্রকাশ ডেস্ক

চার মেয়ের পর জন্ম নেওয়ায় আবু বকর সিদ্দিক ছিলেন পরিবারের সবার আদরের। ছোটবেলা থেকেই মা-বাবা ও চার বোনের ভালোবাসায় বড় হয়েছেন তিনি। পরিবারের আর্থিক সংকট কাটাতে উচ্চমাধ্যমিক পাসের পর ২০১৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। এরপর ধীরে ধীরে তিনিই হয়ে ওঠেন পরিবারের প্রধান ভরসা।

তবে হঠাৎ সেই ছেলেকেই হারিয়ে শোকে ভেঙে পড়েছেন মা পারভিন আক্তার। ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে বারবার জ্ঞান হারাচ্ছেন তিনি।

আবু বকর সিদ্দিক সবার কাছে পিয়াস নামে পরিচিত ছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে কর্মরত ছিলেন তিনি। বুধবার চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ফায়ারিং অনুশীলনের সময় এক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিজ্ঞপ্তি অনুযায়ী, ফায়ারিং প্রশিক্ষণের সময় একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের মধ্যে আকস্মিক এ দুর্ঘটনা ঘটে। এতে আবু বকরসহ সেনাবাহিনীর দুই সৈনিক নিহত হন। এ ঘটনায় একজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

নিহত আবু বকর নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মালিফাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবা আবদুল ওয়াহাব একসময় মুদিদোকান চালাতেন। বর্তমানে তিনি বাড়িতেই থাকেন।

পরিবার সূত্রে জানা গেছে, আবু বকরের এক বছর বয়সী একটি মেয়ে রয়েছে। স্ত্রী ও মাকে নিয়ে তিনি চট্টগ্রামে বসবাস করতেন। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পরিবারের কাছে তাঁর মৃত্যুর খবর পৌঁছায়। এরপর থেকেই শোকে কাতর মা পারভিন আক্তার বারবার জ্ঞান হারাচ্ছেন।

পরিবারের একমাত্র ছেলে হিসেবে আবু বকর শুধু মা-বাবার নয়, চার বোনেরও বড় ভরসা ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পুরো পরিবারে নেমে এসেছে গভীর শোক।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে