ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে নৌকা ডুবি: ১০ জনকে বিএসএফের উদ্ধার, নিখোঁজ ১

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে নৌকা ডুবি: ১০ জনকে বিএসএফের উদ্ধার, নিখোঁজ ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে ঝোড়ো বাতাসের কবলে পড়ে ১২ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ জনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নদী থেকে জীবিত উদ্ধার করেছে। এ ছাড়া ১ জন সাঁতরে বাংলাদেশ তীরে ফিরতে সক্ষম হলেও এখনো ১ জন নিখোঁজ রয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙা ইউনিয়নের বাখের আলী ঘাট থেকে নৌকাটি নারায়ণপুর ইউনিয়নের জোহুরপুর-বেলপাড়া এলাকার উদ্দেশে ছেড়ে যায়। মাঝপদ্মায় পৌঁছালে হঠাৎ তীব্র ঝোড়ো বাতাসের মুখে পড়ে নৌকাটি ডুবে যায়।

নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন জানান, নৌকার যাত্রীরা সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে এক আত্মীয়কে দেখতে এসেছিলেন। সাক্ষাৎকার শেষে বিকেলে তারা বাখের আলী ঘাট থেকে নিজ বাড়িতে ফেরার জন্য নৌকায় ওঠেন।

ঘটনার বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, নৌকা ডুবির পর বিএসএফ ১০ জনকে উদ্ধার করে ভারতের একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে। উদ্ধার হওয়া বাংলাদেশিদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে রাতে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আয়োজনসহ প্রয়োজনীয় যোগাযোগ অব্যাহত রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মোমিন শরীফ জানান, ওয়াসিম নামে এক যাত্রী সাঁতরে বাংলাদেশের বাখের আলী ঘাটে ফিরে আসেন এবং বর্তমানে তিনি বাখের আলী বিজিবি ক্যাম্পে অবস্থান করছেন। তবে পরিবারের বয়স্ক এক সদস্য এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার তৎপরতা ও খোঁজখবর নেওয়া হচ্ছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে