নবপ্রকাশ ডেস্ক:
চট্টগ্রামের ভুজপুর থানার একটি সংঘবদ্ধ ধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. মনসুরকে (৪১) গ্রেপ্তার করেছে র্যাব-৭ (এসআরবি-৭)। শনিবার (২৬ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব গ্রেপ্তারের এ তথ্য নিশ্চিত করে।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার লোহারপুল সরাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার মো. মনসুর ভুজপুর থানার মামলা নম্বর-৮(১১)২০২০-এর পরোয়ানাভুক্ত আসামি। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত-২০০৩)-এর ৯(৩)/৩০ ধারায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ রয়েছে। সে ভুজপুর থানার পূর্ব চানপুর করিমপুর পাড়ার নুরুল আলম ওরফে নুরুল ইসলামের ছেলে।
র্যাব-৭ (এসআরবি-৭)-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভুজপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
