ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » চট্টগ্রামে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ১

চট্টগ্রামে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ১

নবপ্রকাশ ডেস্ক:

চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, চার রাউন্ড পিস্তলের গুলি, একটি ওয়ান শুটারগান (এলজি) এবং সাত রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. নাছির উদ্দীন (৪৩) নামে এক রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অস্ত্র উদ্ধার ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের পশ্চিম ধলই এলাকার কদল মোহল চৌধুরী বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাছির উদ্দীন ধলই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাছির উদ্দীনের বসতঘরে অবৈধ অস্ত্র মজুতের তথ্য পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ ও হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ অভিযান চালায়।

অভিযানকালে নাছির উদ্দীনকে গ্রেপ্তারের পর তার বসতঘরের শয়নকক্ষে ব্যাপক তল্লাশি চালানো হয়। এ সময় তার দেখানো ও শনাক্তমতে ঘরের স্টিলের ওয়ারড্রপের ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড ৭.৬৫ মিমি পিস্তলের গুলি এবং স্টিলের আলমারির ড্রয়ার থেকে একটি ওয়ান শুটারগান (এলজি) ও সাত রাউন্ড শটগানের তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাছির উদ্দীন পুলিশকে জানিয়েছেন, তার বন্ধু ও রাউজান এলাকার বাসিন্দা মো. তৈয়ব (৪৫) প্রায় তিন-চার মাস আগে বিদেশে যাওয়ার সময় এসব অস্ত্র ও গোলাবারুদ তার কাছে জিম্মা রেখে যান। দেশে ফিরে তৈয়ব সেগুলো ফেরত নেওয়ার কথা ছিল।

এ ঘটনায় নাছির উদ্দীন ও পলাতক তৈয়বের বিরুদ্ধে অস্ত্র আইনের ১৯(এ)/১৯(এফ) ধারায় হাটহাজারী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পলাতক তৈয়বকে গ্রেপ্তার এবং উদ্ধার করা অবৈধ অস্ত্রের মূল উৎস ও এর সাথে জড়িত অন্যদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে