ঢাকা
ঢাকা, সোমবার, ২৭ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ২৭ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » গাজীপুর সিটি করপোরেশনের বাজেট ঘোষণা

গাজীপুর সিটি করপোরেশনের বাজেট ঘোষণা

মোঃ আকরাম হোসেন,গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪৮০ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। বিশুদ্ধ পানি সরবরাহ, অবকাঠামো উন্নয়ন, নগরায়ণ, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সেবার মানোন্নয়নকে গুরুত্ব দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।

রোববার গাজীপুর সিটি কর্পোরেশনের নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রশাসক মো. শওকত হোসেন সরকার বাজেট উপস্থাপন করেন। এটি সিটি কর্পোরেশনের ১৪তম বাজেট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা তিনজিলা খানম। এ সময় কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রস্তাবিত বাজেটে প্রারম্ভিক স্থিতি ধরা হয়েছে ২ হাজার ৪৩৭ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা। আয় খাতে রাজস্ব তহবিল থেকে ৪৪৩ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা, পানি সরবরাহ তহবিল থেকে ৭০ কোটি ৮০ লাখ ৭৫ হাজার টাকা, সরকারি উন্নয়ন খাত থেকে ১৪০ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও ডিপিপিভিত্তিক প্রকল্প থেকে ২ হাজার ১০ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা পাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে ব্যয়ের ক্ষেত্রে সাধারণ রাজস্ব খাতে ৪১৭ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা, পানি সরবরাহ খাতে ৭৮ কোটি ৪ লাখ ৭০ হাজার টাকা, সরকারি অনুদানভিত্তিক উন্নয়ন খাতে ১৩৯ কোটি ৭৫ লাখ টাকা, নিজস্ব অর্থায়নে উন্নয়ন প্রকল্পে ২৩৬ কোটি ২৫ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও ডিপিপিভিত্তিক প্রকল্পে ১ হাজার ৬০৮ কোটি ৭৩ লাখ ২০ হাজার টাকা ব্যয়ের পরিকল্পনা রাখা হয়েছে।

বাজেট অনুযায়ী, অর্থবছর শেষে সিটি কর্পোরেশনের সমাপনী স্থিতি দাঁড়াবে ২ হাজার ৬২১ কোটি ৮৭ লাখ ৫৮ হাজার টাকা। এছাড়া ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৩ হাজার ৪৬৩ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকা এবং ব্যয় ১ হাজার ২৫ কোটি ৮০ লাখ ৬৪ হাজার টাকা। ওই অর্থবছর শেষে সমাপনী স্থিতি রয়েছে ২ হাজার ৪৩৭ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা।

বাজেট বক্তৃতায় প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, দেশের অন্যতম শিল্পসমৃদ্ধ ও ঘনবসতিপূর্ণ নগরী হিসেবে গাজীপুরের নাগরিকদের প্রত্যাশিত সেবা নিশ্চিত এবং টেকসই উন্নয়ন বাস্তবায়নের লক্ষ্যেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি গাজীপুরকে একটি আধুনিক, বাসযোগ্য, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি জানান, মশক নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, যানজট নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নতুন সড়ক নির্মাণ ও সংস্কার, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং প্রাথমিক ও কারিগরি শিক্ষার উন্নয়নকে বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি আধুনিক জবাইখানা, কমিউনিটি সেন্টার, স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থাপনা ও আধুনিক গণশৌচাগার নির্মাণের পরিকল্পনাও অন্তর্ভুক্ত করা হয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে