নবপ্রকাশ ডেস্ক:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজীপুর মহানগরীর গাছা এলাকায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।
রোববার (১৮ অক্টোবর) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত তিনি গাছা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিবেশ, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রাজু, গাছা থানা বিএনপির সাবেক সম্পাদক ফারুক হোসেন খানসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পূজামণ্ডপ পরিদর্শনকালে শওকত হোসেন সরকার বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। শারদীয় দুর্গোৎসব যেন শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও আনন্দমুখর পরিবেশে উদ্যাপিত হয়, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও সহযোগিতামূলক অবস্থানে থাকার আহ্বান জানান তিনি।
এ সময় পূজামণ্ডপে যাতায়াতের রাস্তা সংস্কারের বিষয়টিও গুরুত্বের সঙ্গে উঠে আসে। সংশ্লিষ্ট রাস্তার উন্নয়ন ও সংস্কারে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাসের কথাও উল্লেখ করা হয়।
পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয় পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসব উদ্যাপনে পারস্পরিক সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
-মোঃ আকরাম হোসেন
