বিনোদন ডেস্ক:
প্রায় পৌনে দুই বছর আগে টিজার প্রকাশ্যে আসার পর থেকেই অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন মেগাস্টার রজনীকান্তের ভক্তরা। অবশেষে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে তামিল ইন্ডাস্ট্রির বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র ‘জেলার ২’-এর ট্রেলার। ট্রেলারটি প্রকাশ পাওয়ার সাথে সাথেই রজনীকান্তের ‘লার্জার দ্যান লাইফ’ অবতার নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা ও উদ্দীপনা। চলচ্চিত্রটিতে রজনীকান্তের পাশাপাশি মিঠুন চক্রবর্তী, বিদ্যা বালান ও মোহনলালের মতো তারকাদের উপস্থিতি সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ ও উত্তেজনা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
২০২৩ সালের সুপারহিট বক্স অফিস সাফল্য ‘জেলার’-এর পর থেকেই তৈরি হয়েছিল সিক্যুয়েলের জল্পনা। আগামী ১৫ অক্টোবর বিশ্বব্যাপী সিনেমা হলে মুক্তির দিন নির্ধারণকে কেন্দ্র করে মাত্র ১০ দিন আগে এই ট্রেলারটি সামনে এনেছে প্রযোজনা প্রতিষ্ঠান।
ট্রেলারের শুরুতেই দেখা যায় টানটান উত্তেজনার একটি জিজ্ঞাসাবাদের দৃশ্য। দুই মাস ধরে চলা ধ্বংসযজ্ঞের নেপথ্যে মূল কারিগর কে, তা নিয়ে ব্যাকুল অনুসন্ধান চলছে। তদন্তকারীরা যখন জানতে পারেন যে সেই ব্যক্তির প্রকৃত পরিচয় খুঁজে বের করা প্রায় অসম্ভব, ঠিক তখনই সুরস্রষ্টা অনিরুদ্ধ রবিচন্দরের চোখধাঁধানো ও সিগনেচার ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে পর্দায় আবির্ভূত হন রজনীকান্ত।
ট্রেলারজুড়ে ৭0 ঊর্ধ্ব এই তারকাকে দেখা গেছে তাঁর চেনা স্টাইলিশ ও বিধ্বংসী রূপে। কখনো স্টেনগান হাতে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিচ্ছেন, আবার কখনো ঠাণ্ডা মাথায় শত্রুকে চরম হুমকি দিচ্ছেন তিনি। এক দৃশ্যে প্রতিপক্ষকে শান্ত কণ্ঠে ‘চা নাকি কফি’ বেছে নেওয়ার সুযোগ দিলেও সেই শান্ত সুরের আড়ালেই ফুটিয়ে তোলা হয় চরম ভীতি।
সিক্যুয়েলটিতে রজনীকান্তের চরিত্রটি শত্রুদের ওপর নজরদারি, হুমকি কিংবা মনস্তাত্ত্বিক চাল দেওয়ার মতো পুরনো কৌশলকে ‘সেকেলে’ বলে উড়িয়ে দেয়। আর তাঁর নিজস্ব রূপ আরও রোমাঞ্চকর—সব শত্রুকে এক ছাদের নিচে জড়ো করে একবারে বোমা মেরে উড়িয়ে দেওয়া!
কেবল রজনীকান্তই নন, ট্রেলারে বিশেষ নজর কেড়েছেন প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী ও অভিনেত্রী বিদ্যা বালান। পাশাপাশি সংক্ষিপ্ত হলেও অতিথি শিল্পী হিসেবে মোহনলালের উপস্থিতি ছবিটির বাণিজ্যিক আবেদন বাড়িয়েছে।
ট্রেলার প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মাঝে শুরু হয়েছে উদ্দীপনা। চলচ্চিত্র প্রেমীদের মতে, ‘জেলার ২’ কেবল আরও একটি সিক্যুয়েল নয়, বরং রজনীকান্তের দীর্ঘ চলচ্চিত্র জীবনের নতুন এক উদযাপন। অনেকে ধারণা করছেন, প্রথম তামিল চলচ্চিত্র হিসেবে ছবিটি হাজার কোটি রুপি আয়ের ক্লাব স্পর্শ করতে পারে।
তবে বক্স অফিসের এসব সমীকরণ সত্য প্রমাণিত হবে কি না, তার চূড়ান্ত উত্তর মিলবে ১৫ অক্টোবর। আপাতত টাইগার রূপী রজনীকান্তের পর্দায় ঝড় তোলার অপেক্ষা গুনছেন দর্শক।
