নিজস্ব প্রতিবেদক,খুলনা: খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আসন্ন নির্বাচনকে ঘিরে সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও আছিয়া সি ফুড লিমিটেডের কর্ণধার তারিকুল ইসলাম জহির।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে খুলনা চেম্বার অব কমার্সের মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত শাখায় সহকারী নির্বাচন কমিশনারের কাছে তিনি সভাপতি পদপ্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তারিকুল ইসলাম জহির বলেন, খুলনার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন। অনেক ক্ষেত্রে তারা নানা ধরনের প্রতিবন্ধকতা ও হয়রানির শিকার হচ্ছেন। এ সময় তিনি ব্যবসায়ীদের নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দেওয়ার বিশেষ অভিমত ব্যক্ত করেন।
তিনি বলেন, “খুলনার ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সমস্যা সমাধান এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে আমি কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। চেম্বারের নেতৃত্বে আসতে পারলে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”
তিনি আরও বলেন, নারী উদ্যোক্তাদের উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। নারী ব্যবসায়ীদের জন্য প্রশিক্ষণ, সুযোগ সৃষ্টি এবং তাদের ব্যবসায়িক অগ্রগতির ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তারিকুল ইসলাম জহির বলেন, “নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। ব্যবসা-বাণিজ্যের প্রসারে নারী ও তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণ আরও বাড়ানো প্রয়োজন।”
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় খুলনা চেম্বার অব কমার্সের বিভিন্ন পর্যায়ের সদস্য, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আসন্ন নির্বাচনকে ঘিরে খুলনার ব্যবসায়ী মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ব্যবসায়ীরা আশা করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে খুলনার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও গতিশীল হবে এবং স্থানীয় উদ্যোক্তাদের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
