খুলনা প্রতিনিধি: গণঅধিকার পরিষদের সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ খুলনা জেলা শাখার নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করে নেওয়া হয়েছে।
রোববার (১২ জুলাই) বিকেলে খুলনা নগরীর হাদিস পার্কের বিপরীতে অবস্থিত গণঅধিকার পরিষদ খুলনা মহানগর ও জেলা কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে খুলনা মহানগর শ্রমিক অধিকার পরিষদের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ খুলনা জেলা শাখার নবনির্বাচিত সভাপতি সিধান চক্রবর্তী ও সাধারণ সম্পাদক শাকিল আহমেদকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের খুলনা বিভাগীয় উপকমিটির সদস্য মো. রবিউল ইসলাম রবিন। তিনি তার বক্তব্যে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানান এবং তাদের নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি তাদের উত্তরোত্তর সাফল্য ও মঙ্গল কামনা করেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি পদপ্রার্থী মো. সোবাহান মল্লিক, ছাত্র অধিকার পরিষদের বর্তমান সভাপতি সাব্বির রহমান শুভ, গণঅধিকার পরিষদ খুলনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মজিদুল ইসলাম মুন্নাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ জানান, শ্রমজীবী মানুষের অধিকার আদায়, সংগঠনকে শক্তিশালী করা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা নবনির্বাচিত কমিটির মাধ্যমে খুলনায় শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা করেন।
