নবপ্রকাশ ডেস্ক:
ইউরোপের ক্লাব ফুটবলের নতুন মৌসুম জমজমাট হয়ে ওঠার মুখেই বেজে উঠল ফিফার দীর্ঘ আন্তর্জাতিক বিরতির ঘণ্টা। ২০২৬-২৭ মৌসুম থেকে কার্যকর হওয়া ফিফার নতুন নিয়ম অনুযায়ী, ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত টানা ১৬ দিনের আন্তর্জাতিক বিরতি শুরু হয়েছে।
প্রিমিয়ার লিগের গেমউইক ৫ ও ৬-এর মধ্যবর্তী এই দীর্ঘতম উইন্ডোতে জাতীয় দলগুলো মোট চারটি করে ম্যাচ খেলার সুবিধা পাবে। মূলত ফুটবলারদের অতিরিক্ত যাতায়াত ও ভ্রমণক্লান্তি কমানোর লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে মৌসুমের প্রথমভাগে সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে তিনটি আলাদা বিরতি থাকলেও, নতুন নিয়মে সেপ্টেম্বর ও অক্টোবরের বিরতি দুটিকে একত্র করে একটিতে আনা হয়েছে। এর ফলে ক্লাব ফুটবল স্থগিত থাকার মোট সময় ছয় সপ্তাহ থেকে কমে পাঁচ সপ্তাহে নেমে এসেছে।
ফিফার বিশ্ব ফুটবল উন্নয়ন প্রধান আর্সেন ওয়েঙ্গারের প্রস্তাবনার ভিত্তিতে অনুমোদিত এই নতুন ক্যালেন্ডার অনুযায়ী, চলতি মৌসুমের দ্বিতীয় বিরতি থাকবে ৯ থেকে ১৭ নভেম্বর এবং তৃতীয়টি অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ২২ থেকে ৩০ মার্চ। এছাড়া আগামী গ্রীষ্মে জুনে কনকাকাফ গোল্ড কাপ, আফ্রিকা কাপ অব নেশনস ও নেশনস লিগের ফাইনাল আয়োজনের সুযোগ রাখা হয়েছে। দীর্ঘ ১৬ দিনের এই বিরতিতে তারকাদের দেশের জার্সিতে দেখার অপেক্ষায় এখন সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা।
