নবপ্রকাশ ডেস্ক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়ালালামপুর থেকে আসা মালয়েশিয়ান এয়ারলাইন্সের এক বিদেশি যাত্রীর কাছ থেকে সাড়ে চার কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। উদ্ধার করা এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় আট কোটি টাকা।
আটককৃত যাত্রীর নাম ইয়াং ডন সিউ (৪৩)। তিনি মালয়েশিয়ার নাগরিক।
কাস্টমস সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-০১৯৬ (MH-0196) ফ্লাইটে আসা ওই যাত্রীর ওপর বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ বিশেষ নজরদারি বজায় রাখে। বিমানবন্দরে অবতরণের পর যাত্রী ইয়াং ডন সিউ ব্যাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেল-১ অতিক্রম করার সময় তাকে চ্যালেঞ্জ করা হয় এবং থামানো হয়। পরবর্তীতে গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে নিবিড় তল্লাশি চালানো হলে তার শার্টের নিচে লুকানো একটি বিশেষ কালো কাপড়ের বেল্ট থেকে ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধার করা ব্যাগেজের মধ্যে ১ কেজি ওজনের ৪টি এবং ১০০ গ্রাম ওজনের ৫টি বার রয়েছে, যার সবগুলোরই বিশুদ্ধতা ২৪ ক্যারেট।
ঢাকা কাস্টমস হাউস জানিয়েছে, আটক যাত্রী কাস্টমস ব্যাগেজ নিয়ম অনুযায়ী তার সাথে স্বর্ণ থাকার বিষয়ে কোনো আগাম ঘোষণা দেননি। এছাড়া কাস্টমস আইন, ২০২৩ এবং ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৭ অনুযায়ী স্বর্ণ বহনের সপক্ষে তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে তার কাছ থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়।
আইনি প্রক্রিয়া সম্পন্নের লক্ষ্যে কাস্টমস আইন, ২০২৩-এর ১৯১ ধারা অনুযায়ী উদ্ধার করা স্বর্ণ সাময়িকভাবে আটক করা হয়েছে। উক্ত ঘটনায় অভিযুক্ত ওই মালয়েশীয় নাগরিকের বিরুদ্ধে বিমানবন্দর থানায় সংশ্লিষ্ট আইনে একটি ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
