নবপ্রকাশ ডেস্ক:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। রোববার সকাল সাড়ে ১১টার দিকে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মহাসড়কে অবস্থান নেন তারা। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ সুপারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং না করা পর্যন্ত তাদের এই অবরোধ ও আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।
মহাসড়ক অবরোধকালে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিচারহীনতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে নানা স্লোগান দেন। এ সময় তাদের ‘খুনির কোনো ছাড় নাই, ফাঁসি ছাড়া নিস্তার নাই’, ‘আজকে অপ্রতিম, কালকে কার পালা’, ‘বুকের রক্ত ভেসে গেল, প্রশাসন চুপ কেন’ এবং ‘কুমিল্লায় মানুষ মরে, পুলিশ গিয়ে মেডেল ধরে’ ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে কোটবাড়ি বিশ্বরোড এলাকা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা ও পুলিশ সুপারের সাম্প্রতিক পুরস্কার প্রাপ্তি নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেন কুবি শিক্ষার্থীরা। ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাদিকুর রহমান বলেন, “আমরা আজ কেবল অপ্রতিমের জন্য এখানে আসিনি; এ চিত্র সারা বাংলাদেশের। কুমিল্লায়ও প্রতিনিয়তই এসব নৃশংস ঘটনা ঘটছে। কিন্তু এর মধ্যেও পুলিশ সুপার অ্যাওয়ার্ড পেয়ে যান। আমরা অপ্রতিমের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
পুলিশি তদন্তের ধীরগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আরাফ ভূইয়া বলেন, “এটা সম্পূর্ণই পুলিশ প্রশাসনের ব্যর্থতা। পুলিশ বারবার বলছে— ‘ক্লু পেয়েছি, ক্লু পেয়েছি’; কিন্তু আসলে কী ক্লু তারা পেয়েছে, তা আমরা বা সাধারণ মানুষ কেউ জানি না। এই ব্যর্থতার দায় যতক্ষণ না পর্যন্ত তারা প্রকাশ্যে স্বীকার করবে, আমরা রাজপথ ছাড়ব না।”
অবরোধ ও দীর্ঘ যানজটের বিষয়ে জানতে চাইলে কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুল হক জানান, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এর আগে রোববার সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে নিহত অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সকাল ১১টায় কুমিল্লার গন্ধমতি এলাকায় তার দ্বিতীয় জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরের পর আইফোন নিয়ে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের সংলগ্ন বিনোদন পার্ক ‘ম্যাজিক প্যারাডাইস’ এলাকার দক্ষিণ সানন্দার জঙ্গল থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
