নবপ্রকাশ ডেস্ক:
কক্সবাজারের নাজিরারটেক পয়েন্টে বঙ্গোপসাগরে নৌযানডুবির ঘটনায় নিখোঁজ নিউজিল্যান্ডের ১৬ বছর বয়সী কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার একদিন পর বুধবার (২৬ আগস্ট) বিকালে কক্সবাজার পশ্চিম কুতুবদিয়া পাড়া কুতুব বাজার পয়েন্টে তার মরদেহ ভেসে উঠলে উদ্ধার করেন উদ্ধারকর্মীরা।
সৈকতকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম তথ্যটি নিশ্চিত করে জানান, নিখোঁজ আলবার্টের মরদেহ সৈকত থেকে উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্র ও ঘটনার প্রত্যক্ষদর্শী দিদারুল আলম রুবেল জানান, মঙ্গলবার সকালে মহেশখালী চ্যানেলের মোহনা দিয়ে সাগরে প্রবেশের পর তীব্র স্রোত ও প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ‘আইল্যান্ড গার্ল’ নামের নৌযানটি উল্টে ডুবে যায়। এ সময় নৌযানটিতে একই পরিবারের চারজন নিউজিল্যান্ডের নাগরিক ছিলেন। দুর্ঘটনার পর পরই তিনজনকে জীবিত উদ্ধার সম্ভব হলেও নিখোঁজ হয়ে পড়ে ১৬ বছরের কিশোর আলবার্ট।
ঘটনার পর থেকে কিশোরটিকে উদ্ধারে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড এবং স্থানীয় উদ্ধারকারীরা সাগরের বিভিন্ন পয়েন্টে যৌথ অনুসন্ধান অভিযান পরিচালনা করে। দীর্ঘ সময় ধরে চলা এই তল্লাশি অভিযানের পর বুধবার বিকালে কুতুব বাজার পয়েন্ট থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
