ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » ওলিসের হ্যাটট্রিক, কেইনের রেকর্ড সেঞ্চুরি ও বায়ার্নের ৭-০

ওলিসের হ্যাটট্রিক, কেইনের রেকর্ড সেঞ্চুরি ও বায়ার্নের ৭-০

জার্মান বুন্দেসলিগায় ইউনিয়ন বার্লিনকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করল বায়ার্ন মিউনিখ। হ্যারি কেইন, মাইকেল ওলিসদের তাণ্ডবে শুক্রবার রাতের ম্যাচে ৭-০ গোলে জিতল ভিনসেন্ট কোম্পানির দল।

ঘরের মাঠে দলের বড় জয়ে হ্যাটট্রিক করেছেন ওলিসে। কেইন পেয়েছেন জোড়া গোলের দেখা। অন্য দুই গোল করেছেন জামাল মুসিয়ালা ও ইসমাইল সাইবারি।

ম্যাচজুড়ে ছিল বায়ার্নের দাপট। প্রায় ৬৫ শতাংশ সময় বলের দখল নিজেদের কাছে রেখে গোলের জন্য ২৪টি শট করে তারা। এর মধ্যে ১৩টিই ছিল লক্ষ্য বরাবর। বিপরীতে জাল বরাবর বার্লিনের শট ছিল মোটে ২টি।

ম্যাচের ১৮ মিনিটে দলকে এগিয়ে দেন মুসিয়ালা। এরপর ৩৯ মিনিটের মাথায় পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন কেইন। বিরতিতে যাওয়ার আগে ৪৩ মিনিটে স্কোরশিটে নাম তোলেন ওলিসে।

দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচের ৫৪ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন কেইন। বুন্দেসলিগায় এটি তার একশতম।

জার্মান লিগটিতে গোলের সেঞ্চুরি করতে কেইনের লাগল মাত্র ৯৮ ম্যাচ। যার সৌজন্যে তিনি ভেঙেছেন প্রায় পাঁচ দশক পুরোনো রেকর্ড।

এত দিন ধরে এই রেকর্ডটি ছিল ডিটার মুলারের। সত্তরের দশকে বুন্দেসলিগায় একশ গোল করতে ১২৯ ম্যাচ লেগেছিল তার।

এছাড়া সব মিলিয়ে বায়ার্নের হয়ে ১৫৪ ম্যাচে কেইনের গোল এখন ১৫১টি।

এরপর ৭ মিনিটের মধ্যে আরও তিনটি গোল করে বায়ার্ন। ৭০ মিনিটে স্কোরলাইন ৫-০ করেন সাইবারি। পরে ৭৩ ও ৭৬ মিনিটে জাল কাঁপিয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ওলিসে।

বাকি সময়ে আর জালের দেখা পায়নি জার্মান জায়ান্টরা।

এই জয়ে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে বায়ার্ন। এক ম্যাচ কম খেলে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ফ্রেইবুর্গ। চার ম্যাচে ১ পয়েন্ট পাওয়া বার্লিন আছে ১৬ নম্বরে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে