ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ওয়াসার পানিতে দুর্গন্ধ-ঘোলাভাব, বিশুদ্ধ পানির খোঁজে পূর্ব রামপুরার মানুষ

ওয়াসার পানিতে দুর্গন্ধ-ঘোলাভাব, বিশুদ্ধ পানির খোঁজে পূর্ব রামপুরার মানুষ

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: রাজধানীর পূর্ব রামপুরায় দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির সংকট চলছে। এতে একদিকে যেমন বাড়ছে সাধারণ মানুষের ভোগান্তি, অন্যদিকে জনস্বাস্থ্য নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ। ভঙ্গুর ড্রেনেজ ব্যবস্থা ও জলাবদ্ধতার কারণে দূষিত হচ্ছে পানিও। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়হীনতার কারণে বছরের পর বছরেও সমস্যার সমাধান হয়নি।

রাজধানীর পূর্ব রামপুরার পুরাতন পুলিশ ফাঁড়ি গলিতে প্রতিদিনের সকাল শুরু হয় বিশুদ্ধ পানির খোঁজে। কেউ বোতল, কেউ বালতি বা ড্রাম নিয়ে ছুটে যান এলাকার একটি পাম্পে। রান্না থেকে শুরু করে গৃহস্থালির প্রায় সব কাজেই এখন তাদের ভরসা এই পাম্পের পানি।

স্থানীয়দের অভিযোগ, ওয়াসার সরবরাহ করা পানিতে দুর্গন্ধ থাকে এবং পানি ঘোলা। সেই পানি ব্যবহার করে অনেকেই বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এলাকার এক বাসিন্দা বলেন, লাইনে যে পানি আসে, তা ময়লা ও দুর্গন্ধযুক্ত। এই পানি খেলে নানা ধরনের অসুখ হয়, এমনকি শরীরেও সমস্যা দেখা দেয়।

সংকটের জন্য ভঙ্গুর ড্রেনেজ ব্যবস্থাকেও দায়ী করছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট, দোকানপাট ও বাসাবাড়ি পানিতে তলিয়ে যায়। তখন ড্রেনের নোংরা পানি খাবার পানির সঙ্গে মিশে যায়। এক বাসিন্দা বলেন, অল্প বৃষ্টিতেই এলাকায় পানি জমে যায়। কারণ রাস্তা ও ভেতরের ড্রেনেজ ব্যবস্থা ভালো নয়। পানি জমে গেলে ময়লা পানির মধ্যে লাইনের অংশ ডুবে যায়।

আরেক বাসিন্দা বলেন, ড্রেন ও সুয়ারেজ লাইনের সমস্যা সমাধান না হওয়ায় বৃষ্টি হলেই এলাকায় পানি জমে থাকে।

নিয়মিত পানির বিল ও ট্যাক্স পরিশোধ করলেও প্রয়োজনীয় নাগরিক সেবা মিলছে না বলে অভিযোগ এলাকাবাসীর। তারা জানান, সমস্যার কথা জানালে এক সংস্থা আরেক সংস্থার ওপর দায় চাপায়।

এক বাসিন্দা বলেন, সুয়ারেজ লাইন ঠিক থাকাই সবচেয়ে জরুরি। এ বিষয়ে ওয়াসা ও সিটি করপোরেশন; দুই জায়গাতেই অভিযোগ করা হয়েছে। কিন্তু সিটি করপোরেশন দোষ দেয় ওয়াসাকে, আর ওয়াসা দোষ দেয় সিটি করপোরেশনকে।

তবে সিটি করপোরেশনের কোনো গাফিলতির কারণে পানি সরবরাহে সমস্যা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেন, যদি ড্রেনের পানি ওয়াসার পাইপে ঢুকে যায়, তাহলে ধরে নিতে হবে পানির পাইপ কোথাও ফেটে গেছে, যা মেরামতের দায়িত্ব ওয়াসার। আর সিটি করপোরেশনের কোনো কাজের কারণে সমস্যা হলে সেটিও তারা সমাধান করবেন।

আর সুয়ারেজ লাইনে অবৈধ সংযোগের কারণে পানিতে ময়লা মিশছে জানিয়ে ওয়াসা বলছে, সমন্বিতভাবে সমাধানের উদ্যোগ নেয়া হবে। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম বলেন, রাতের অন্ধকারে বিভিন্ন কৌশলে পানির পাইপে অবৈধ সংযোগ দেয়া হয়। এতে দূষিত পানি সরবরাহ লাইনে প্রবেশ করে। ভবিষ্যতে জনগণকে সম্পৃক্ত করে সমন্বিতভাবে এ সমস্যার সমাধানে কাজ করা হবে।

দীর্ঘদিন ধরে চলা এই দুর্ভোগের দ্রুত অবসান চান পূর্ব রামপুরার বাসিন্দারা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে