ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » ওয়ার্নার ব্রাদার্স-প্যারামাউন্ট একীভূত, নতুন সত্তা ‘স্কাইড্যান্স’

ওয়ার্নার ব্রাদার্স-প্যারামাউন্ট একীভূত, নতুন সত্তা ‘স্কাইড্যান্স’

বিনোদন ডেস্ক:

বিশ্ব বিনোদন জগতে এক ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে একীভূত হতে যাচ্ছে হলিউডের অন্যতম দুই সেরা ও ঐতিহ্যবাহী মিডিয়া জায়ান্ট প্যারামাউন্ট এবং ওয়ার্নার ব্রাদার্স। যৌথ এই মেগা-প্রতিষ্ঠানের নতুন নাম চূড়ান্ত করা হয়েছে ‘স্কাইড্যান্স’। আগামী ৬ অক্টোবর (মঙ্গলবার) চূড়ান্তভাবে চুক্তির আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হতে যাচ্ছে বলে জানা গেছে।

প্রতিষ্ঠানটির নতুন চেয়ারম্যান ও সিইও ডেভিড এলিসন এক বিবৃতিতে জানান, বিশ্ব সংস্কৃতিকে এক শতাব্দীরও বেশি সময় ধরে প্রভাবিত করা শতবর্ষী দুই স্টুডিওর নিজস্ব পরিচয় ও ঐতিহ্য ধরে রাখতেই প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স নাম দুটিকে মূল ব্র্যান্ডিং হিসেবে অপরিবর্তিত রাখা হচ্ছে। তবে প্রশাসনিক ও কর্পোরেট ছাতা হিসেবে সম্মিলিত প্রতিষ্ঠানটি ‘স্কাইড্যান্স’ নামে পরিচালিত হবে।

এই ঐতিহাসিক একত্রীকরণের ফলে চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের দৃশ্যপটে এক বিশাল বিপ্লব ঘটার পূর্বাভাস দেওয়া হচ্ছে। নতুন নাম ও কাঠামোর আওতায় এখন থেকে জনপ্রিয় বিশ্বখ্যাত দুই স্টুডিওর পাশাপাশি বিখ্যাত স্ট্রিমিং ও ওটিটি প্ল্যাটফর্ম এইচবিও ম্যাক্স (HBO Max), প্যারামাউন্ট প্লাস (Paramount+) এবং বিশ্বের শীর্ষস্থানীয় টিভি চ্যানেল সিএনএন (CNN), সিবিএস (CBS), এমটিভি (MTV), টিবিএস ও কার্টুন নেটওয়ার্ক একই পরিচালনা পর্ষদের অধীনে চলে আসবে।

এরই মাধ্যমে ইতিহাসে প্রথমবারের মতো হ্যারি পটার (Harry Potter), দ্য লর্ড অব দ্য রিংস (The Lord of the Rings), গেম অব থ্রোনস (Game of Thrones), ডিসি সুপারহিরো ইউনিভার্স (DC Universe), মিশন: ইম্পসিবল (Mission: Impossible) এবং টপ গান (Top Gun)-এর মতো বিশ্ব কাঁপানো বিখ্যাত চলচ্চিত্র ও জনপ্রিয় সিরিজগুলো একটিই সমন্বিত ব্যানারে বিশ্বজুড়ে দর্শকরা দেখতে পাবেন।

বিনোদন বিশ্লেষকদের মতে, প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্সের মতো দুটি বৃহৎ শক্তির একত্রীকরণ এবং এক ছাতার নিচে আসার এই মেগা চুক্তিটি বৈশ্বিক বিনোদন শিল্পে প্রতিযোগিতা ও কনটেন্ট স্ট্র্যাটেজিতে একেবারেই এক নতুন যুগের সূচনা করবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে