ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » এডেন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুতিরা

এডেন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুতিরা

আন্তর্জাতিক ডেস্ক:

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের কেন্দ্রস্থল বন্দরনগরী এডেনের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। গত শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বিমানবন্দরটির রানওয়ের সন্নিকটে ক্ষেপণাস্ত্র দুটি বিকট শব্দে আছড়ে পড়ে। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ইয়েমেনের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-এরিয়ানি এক বিবৃতিতে জানান, ক্ষেপণাস্ত্র দুটি রানওয়েতে উড্ডয়নের জন্য অপেক্ষারত একটি যাত্রীবাহী উড্ডোজাহাজ থেকে মাত্র ৫০০ মিটার দূরে আঘাত হানে। উড়োজাহাজটির সকল যাত্রী ও ক্রু সম্পূর্ণ অক্ষত ও নিরাপদে রয়েছেন। বেসামরিক বিমানবন্দরকে লক্ষ্য করে এই আক্রমণকে আন্তর্জাতিক আইন ও রীতিনীতির চরম লঙ্ঘন বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

অন্য সামরিক সূত্রে হুথিরা দাবি করেছে, তারা এডেন প্রদেশের বদর সামরিক ক্যাম্পে অবস্থানরত সৌদি নেতৃত্বাধীন যৌথ বাহিনীর কমান্ড সদর দপ্তর ও একটি অস্ত্রাগার লক্ষ্য করে সফল হামলা চালিয়েছে।

প্রেসিডেন্ট প্রাসাদে হামলার পর নতুন উত্তেজনা

এডেনের প্রেসিডেন্ট প্রাসাদে প্রাণঘাতী হামলার ঠিক একদিন পর বিমানবন্দর ও সামরিক ঘাটিতে এই ধারাবাহিক আক্রমণের ঘটনা ঘটলো। এর মধ্য দিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার এবং সৌদি-সমর্থিত বাহিনীর সাথে হুথি বিদ্রোহীদের দীর্ঘদিনের রক্তাক্ত সংঘাত নতুন করে আরও তীব্র রূপ নিল।

মারিব ও তাইজে সরকারি বাহিনীর পাল্টা প্রতিরোধ

অন্যদিকে ইয়েমেনের সরকারি বাহিনী শুক্রবার জানিয়েছে, তারা দেশটির রাজধানী সানা থেকে উত্তর-পূর্বে অবস্থিত কৌশলগত মারিব প্রদেশের পূর্বাঞ্চলে জোরালো পাল্টা অভিযান চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান পুনর্দখল করেছে।

সামরিক মুখপাত্র মাজেদ আল-নাজিলি দাবি করেন, সৌদি জোটের বিমান সহায়তায় পরিচালিত এই অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩০ জনেরও বেশি হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ বা পরাস্ত করার পাশাপাশি শতাধিক সামরিক যানবাহন ও ভারী সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।

যুদ্ধের অন্যতম প্রধান রণক্ষেত্র তাইজ গভর্নরেটেও হুথিদের একাধিক বড় ধরনের হামলা প্রতিহত করার দাবি করেছে সরকারি বাহিনী। সেখান থেকে হুথিদের একটি বিশেষ ড্রোন পরিচালনাকারী দলকে আটক করা হয়েছে। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইয়েমেনের তৃতীয় বৃহত্তম শহর তাইজকে অবরুদ্ধ করে হুথিরা এডেনগামী প্রধান সড়ক বিচ্ছিন্ন করে দেওয়ায় ওই অঞ্চলে চরম মানবিক সংকট তৈরি হয়েছে এবং বহু পরিবার বাস্তুচ্যুত হয়ে পড়েছে।

সৌদির আকাশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস, তেহরানের অস্বীকার

শুক্রবার রাতে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, রিয়াদসহ সৌদি আরবের বিভিন্ন সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুর দিকে উড়ে আসা বেশ কয়েকটি হুথি ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরকবাহী ড্রোন মাঝআকাশেই সফলভাবে ভূপাতিত করা হয়েছে। সৌদি আরব অভিযোগ করে আসছে, তেহরান হুথিদের আধুনিক অস্ত্র ও সামরিক প্রশিক্ষণ দিয়ে আঞ্চলিক অস্থিতিশীলতা উসকে দিচ্ছে।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগ কড়া ভাষায় প্রত্যাখ্যান করে জানিয়েছে, হুথিদের স্বাধীন সামরিক অভিযানে তেহরানের কোনো প্রত্যক্ষ ভূমিকা নেই। একই সাথে রিয়াদ ও হুথিদের মধ্যে সংলাপের মধ্যস্থতা করার পুরোনো প্রস্তাব পুনর্ব্যক্ত করেছে ইরান।

উল্লেখ্য, ২০১৪ সালে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে নিলে দেশটির দীর্ঘমেয়াদি গৃহযুদ্ধ শুরু হয়। ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও চলতি ২০২৬ সালের জুলাই মাসে হুথিরা লোহিত সাগর ও বাব আল-মানদেব প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্য জাহাজের ওপর নৌ-অবরোধ ঘোষণা করায় পুরো অঞ্চলে চরম সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে