নবপ্রকাশ ডেস্ক:
শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, “জাতীয় পর্যায়ে উৎপাদনশীলতা বাড়াতে মেধা, উদ্ভাবনী চিন্তা ও নতুন নতুন ধারণার বিকাশ ঘটাতে হবে। এটি একটি চলমান প্রক্রিয়া, যার কোনো শেষ নেই। কম কর্মঘণ্টায় অধিক ও উন্নতমানের পণ্য বা সেবা উৎপাদন অর্জনই উৎপাদনশীলতার মূল লক্ষ্য।”
শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর মিরপুরে অবস্থিত বিসিআইসি কলেজে ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত উদ্ভাবনী প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উৎপাদনশীলতাকে একটি জাতীয় সংস্কৃতির অংশ হিসেবে উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, “বিশ্বের যেসব দেশ সফলভাবে উৎপাদনশীলতার সংস্কৃতি গ্রহণ ও চর্চা করেছে, তারা ধারাবাহিকভাবে উন্নতি লাভ করেছে। কম শ্রমে বা কম সময় ব্যয় করে বেশি আউটপুট অর্জন করাই উৎপাদনশীলতার মূল ভিত্তি। এটি একটি আপেক্ষিক বিষয় এবং প্রতিনিয়ত এতে আরও উৎকর্ষ সাধনের সুযোগ থেকে যায়।”
অনুষ্ঠানে বিসিআইসি কলেজের শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রদর্শনী ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তরুণদের প্রতিভার প্রশংসা করে তিনি জানান, শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী ধারণা ও চিন্তাশক্তি তাকে অনুপ্রাণিত করেছে। অনেক নতুন ধারণা এখনো পূর্ণাঙ্গ যন্ত্র বা বাণিজ্যিকভাবে ব্যবহারের মতো পণ্যে রূপ পায়নি, তবে এগুলো ভবিষ্যতে শিল্প খাতের বড় উদ্ভাবনের ভিত্তি হিসেবে কাজ করবে।
খন্দকার আব্দুল মুক্তাদির আরও স্পষ্ট করেন, তরুণদের ভালো উদ্ভাবনী ধারণাগুলো নিয়ে পরবর্তীতে সরকারের পক্ষ থেকে বিস্তারিত কাজ করা হবে। বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করা হবে কোন কোন ধারণা বাণিজ্যিকভাবে বাজারে প্রয়োগযোগ্য এবং কোনগুলোকে স্টার্টআপ উদ্যোগ হিসেবে সরাসরি অর্থায়ন করা সম্ভব। তরুণদের এসব উদ্ভাবনী ধারণাকে বাস্তব রূপ দিতে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সব ধরনের সহায়তার হাত বাড়িয়ে দেবে।
শিক্ষার আধুনিকায়নে সহায়তার আশ্বাস দিয়ে মন্ত্রী বিসিআইসি কলেজকে একটি আদর্শ ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরের প্রতিশ্রুতি দেন। শিক্ষার্থীদের জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর ক্লাসরুম, সিসিটিভি ক্যামেরা ও প্রজেক্টরসহ অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিতের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।
ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের (এনপিও) মহাপরিচালক মো. নায়েব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান এবং বিসিআইসি কলেজের অধ্যক্ষ কর্নেল ড. মো. মোকসেদ আলীসহ প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে উদ্ভাবনী প্রদর্শনীর বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন মন্ত্রী।
