বিনোদন ডেস্ক
রেকর্ড গড়েই উত্তর আমেরিকা সফর শেষ করেছে জনপ্রিয় কে-পপ গ্রুপ বিটিএস। তাদের বহুল আলোচিত ‘আরিরাং’ ট্যুরের এই পর্বে ১২টি শহরে অনুষ্ঠিত ৩১টি কনসার্টের সব টিকিট আগেই বিক্রি হয়ে যায়। পুরো সফরে দর্শক সমাগম হয়েছে প্রায় ১৯ লাখ ২০ হাজার।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা থেকে শুরু হওয়া সফরটি শেষ হয় লস অ্যাঞ্জেলেসে। সেখানে ১, ২, ৫ ও ৬ সেপ্টেম্বর সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ চারটি কনসার্টে উপস্থিত ছিলেন প্রায় ২ লাখ ৮২ হাজার দর্শক।
সোফাই স্টেডিয়ামেও নতুন রেকর্ড গড়েছে বিটিএস। ২০২১ সালের ‘পারমিশন টু ড্যান্স অন স্টেজ’ সফরের চারটি কনসার্টসহ এই ভেন্যুতে এখন পর্যন্ত মোট আটটি কনসার্ট করেছে দলটি। কোনো দলের জন্য সোফাই স্টেডিয়ামে এটিই সর্বোচ্চসংখ্যক কনসার্ট।
এই আটটি কনসার্টে বিটিএসের মোট দর্শকসংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪ লাখ ৯৬ হাজার। সোফাই স্টেডিয়ামের ইতিহাসে কোনো দলের জন্য এটিও সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড।
