ঢাকা
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » ইসরায়েলে নির্বাচনের আগে নেতানিয়াহুকে সমর্থন জানালেন ট্রাম্প

ইসরায়েলে নির্বাচনের আগে নেতানিয়াহুকে সমর্থন জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক;

ইসরায়েলের আসন্ন পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে নেতানিয়াহুর নেতৃত্বের প্রশংসা করে তাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন ট্রাম্প। তবে ইরানকে ঘিরে চলমান সংঘাত এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের মধ্যে এ সমর্থন নির্বাচনে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এতে নেতানিয়াহুর ডানপন্থি লিকুদ পার্টিকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলে জনগণ সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচন করেন না; পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে বিভিন্ন দলের সমর্থন নিয়ে জোট সরকার গঠন করতে হয়।

ট্রাম্প তার পোস্টে নেতানিয়াহুকে ‘মহান যোদ্ধা প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করেন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক অভিযানে অংশ নেওয়ার জন্যও ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রশংসা করেন। ট্রাম্পের বলেন, নিজ দেশে বিরোধিতার মুখেও নেতানিয়াহু শক্তিশালী, সাহসী ও বিচক্ষণ নেতৃত্ব দিয়েছেন। কঠিন পরিস্থিতিতে চাপের কাছে নতি স্বীকার না করে তিনি আরও দৃঢ় হয়েছেন।

ইসরায়েলের জনগণের উদ্দেশে দেওয়া বার্তায় ট্রাম্প বলেন, নেতানিয়াহু যেন আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হন, সে জন্য তার প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছেন। জবাবে নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাম্পকে ‘প্রিয় বন্ধু ডোনাল্ড’ বলে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি লেখেন, একসঙ্গে আমরা নিজেদের লক্ষ্য পূরণ করব।

এদিকে, ইরানকে ঘিরে চলমান সংঘাত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাশাপাশি অঞ্চলটির বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অর্থনৈতিক চাপ বেড়েছে।

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থান নিয়ে মতপার্থক্যের প্রেক্ষাপটে ইসরায়েলি জনগণের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা কমেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে নেতানিয়াহুর প্রতি তার প্রকাশ্য সমর্থন নির্বাচনে কতটা প্রভাব ফেলবে, তা এখনো স্পষ্ট নয়।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর এটিই ইসরায়েলের প্রথম জাতীয় নির্বাচন। ওই হামলার পর গাজায় যুদ্ধ শুরু করে ইসরায়েল। পরবর্তী সময়ে লেবানন ও ইরানকে ঘিরেও সংঘাত ছড়িয়ে পড়ে, যা পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলে।

নির্বাচনের ফলের ওপর নির্ভর করবে, দীর্ঘ রাজনৈতিক ও সামরিক সংকটের মধ্যে নেতানিয়াহু ক্ষমতায় থাকতে পারবেন কি না। বিরোধী নেতারাও সরকার গঠনের লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ক্ষমতায় এলে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করার প্রতিশ্রুতি দিচ্ছেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে