নবপ্রকাশ ডেস্ক:
ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে শতবর্ষী জমিদারবাড়িতে অবস্থিত ঐতিহ্যবাহী ‘ঝলমল সিনেমা হল’ এবং আশপাশের অন্তত ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত সোয়া ২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মকর্তা ও কর্মীরা প্রায় দেড় ঘণ্টার আপ্রাণ চেষ্টায় রাত ৩টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গভীর রাতে পৌর শহরের মধ্যস্থলে হঠাৎ করেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের তীব্র লেশিহান শিখা আশপাশের দোকানপাটে ছড়িয়ে পড়ে। আগুনের গতি অতি দ্রুত হওয়ায় নিমিষেই একের পর এক দোকান গ্রাস করে ফেলে, ফলে অধিকাংশ ব্যবসায়ী ভেতরে থাকা মালামাল সরানোর কোনো সুযোগ পাননি।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, আগুনে ঐতিহ্যবাহী সিনেমা হলটি ছাড়াও সংলগ্ন একটি এলপিজি গ্যাস সিলিন্ডারের গুদাম, ডেকোরেশন সামগ্রীর দোকান, পুরোনো কাপড়ের দোকান এবং বেশ কয়েকটি অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, সিনেমা হলের পাশের সিলিন্ডার গুদাম থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে থাকতে পারে। তবে কারিগরি তদন্ত ও পর্যালোচনা শেষে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও মোট ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করা সম্ভব হবে।
উল্লেখ্য, গৌরীপুরের ইতিহাস ও ঐতিহ্যের স্মারক এক পুরোনো জমিদারবাড়িতে দীর্ঘদিন ধরে বিনোদনের কেন্দ্র হিসেবে পরিচালিত হয়ে আসছিল ‘ঝলমল সিনেমা হল’। ঐতিহ্যবাহী এই বিনোদন কেন্দ্র ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো হারিয়ে নিমিষে সর্বস্বান্ত হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
