ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » আইভী, আদালত থেকে বেরিয়ে বললেন ‘জয় বাংলা, দাবিয়ে রাখা যাবে না’

আইভী, আদালত থেকে বেরিয়ে বললেন ‘জয় বাংলা, দাবিয়ে রাখা যাবে না’

বিশেষ প্রতিবেদক, নবপ্রকাশ

নারায়ণগঞ্জ

গণঅভ্যুত্থানের সময় সিদ্ধিরগঞ্জে রিকশাচালক তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সেলিনা হায়াৎ আইভীর পুনরায় জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতের কার্যক্রম শেষে বের হয়ে গাড়িতে ওঠার সময় সেলিনা হায়াৎ আইভী ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় তাকে উচ্চকণ্ঠে বলতে শোনা যায়, “জয় বাংলা, দাবিয়ে রাখা যাবে না।”

আদালত সূত্রে জানা যায়, সকাল ১০টা ৫৫ মিনিটে সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ জেলা আদালতে পৌঁছান। পরে কড়া পুলিশি প্রহরায় তাকে এজলাসে নেওয়া হয়। এ সময় আদালত চত্বরে বিপুলসংখ্যক আইনজীবী, সাংবাদিক ও তার সমর্থকেরা উপস্থিত ছিলেন।

শুনানিতে আইভীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন আদালতে জানান, উক্ত মামলায় তদন্ত শেষে পুলিশ ইতোমধ্যে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। তদন্তে ঘটনার সঙ্গে আসামির কোনো ধরনের সংশ্লিষ্টতা কিংবা বিস্ফোরক ব্যবহারের আলামত পাওয়া যায়নি। এছাড়া নোটিশ জারির পরও মামলার বাদী ও নিহত রিকশাচালকের স্ত্রী আলেয়া আক্তার মিমি আদালতে উপস্থিত হননি।

তিনি আরও যুক্তি দেন, আসামি পূর্বেও অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। পুলিশি চূড়ান্ত প্রতিবেদন আমলে নিয়ে তার মক্কেলের জামিন বহাল রাখার আবেদন জানান তিনি।

অন্যদিকে, জামিনের তীব্র বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিউটর (পিপি) জাকির হোসেন বলেন, চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে তারা নারাজি পিটিশন দাখিল করবেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা পিপি-র কাছে জানতে চান, কোন আইনি ধারায় তারা নারাজি আবেদনের সুযোগ দেখছেন।

উভয় পক্ষের দীর্ঘ যুক্তি তর্ক শুনানি শেষে জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ সেলিনা হায়াৎ আইভীর পুনরায় জামিন মঞ্জুরের সিদ্ধান্ত প্রদান করেন।

উল্লেখ্য, মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সিদ্ধিরগঞ্জের ব্র্যাক ব্যাংকের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গুলিবিদ্ধ হয়ে রিকশাচালক তুহিন নিহত হন। পরবর্তীতে দায়ের করা এই হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান (১ নম্বর) আসামি এবং সেলিনা হায়াৎ আইভীকে ১১ নম্বর আসামি করা হয়।

আগামীকাল বুধবার নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে আইভীর বিরুদ্ধে থাকা অন্য একটি মামলায় হাজিরার দিন ধার্য রয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে