নবপ্রকাশ ডেস্ক:
সদ্য সুপারিশপ্রাপ্ত ১৪ হাজারের বেশি নতুন শিক্ষকের পদায়ন সম্পন্ন করতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বিষয়টি পর্যালোচনা করে বদলিতে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতেই সরকারের এ সিদ্ধান্ত।
সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করা হয়।
ব্রিফিংয়ে জানানো হয়, বর্তমানে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্রক্রিয়া চলমান রয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত ১৪ হাজার৩৮৪ জন শিক্ষকের কর্মস্থল নির্ধারণ ও পদায়ন সম্পন্ন না হওয়া পর্যন্ত সব ধরণের বদলি বন্ধ থাকবে। নিয়োগ কার্যক্রম শেষ হলে পরবর্তীতে নতুন নির্দেশনার মাধ্যমে বদলি প্রক্রিয়া পুনরায় চালু করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছর অনুষ্ঠিত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে উত্তীর্ণদের পদায়ন সম্পন্ন করতেই এই সাময়িক স্থগিতাদেশ। একই সঙ্গে বিদ্যমান বদলি নীতিমালায় কিছু অনিয়ম ও জটিলতা দেখা দেওয়ায় পুরো বিষয়টি পুনর্বিবেচনা করছে কর্তৃপক্ষ। নতুন করে বদলি চালু হলে বর্তমান নিয়ম বহাল থাকবে নাকি নীতিমালায় সংশোধন আনা হবে, তা পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।
