ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ৯ লাখ টাকায় ঘটনা মীমাংসার চেষ্টা, কিশোরের উপস্থিতির দাবি আইনজীবীর

৯ লাখ টাকায় ঘটনা মীমাংসার চেষ্টা, কিশোরের উপস্থিতির দাবি আইনজীবীর

নবপ্রকাশ ডেস্ক

রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় গাড়িচাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীমের (বাক ও শ্রবণপ্রতিবন্ধী) মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার কিশোর আজান আলী শরীফ জামিনের আবেদন করেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তার আইনজীবী অ্যাডভোকেট মো. আলমগীর হোসেন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক মো. আব্দুল মোক্তাদিরের আদালতে এই জামিন আবেদন করেন। পরে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

জামিন আবেদনে আসামিপক্ষের আইনজীবী উল্লেখ করেন, দুর্ঘটনার সময় কিশোর আজান আলী শরীফ গাড়ির ড্রাইভারের পাশের আসনে বসা ছিল। নিহত মেহেদী শ্রবণ ও বাকপ্রতিবন্ধী হওয়ায় হর্ন বাজানো সত্ত্বেও দ্রুত সরে যেতে পারেননি, যার ফলে অনাকাঙ্ক্ষিতভাবে দুর্ঘটনাটি ঘটে। আবেদনে আরও জানানো হয়, স্থানীয়ভাবে আপস-মীমাংসার মাধ্যমে কিশোরের পরিবারের পক্ষ থেকে নিহত মেহেদীর পরিবারকে নগদ ৯ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা, গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফীন ইসলাম ওই কিশোরকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন জানান।

তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, দুর্ঘটনার পরপরই প্রাইভেট কারের ডান পাশের ড্রাইভিং সিটের দরজা খুলে আজান আলী শরীফ বের হয়ে আসছে। তদন্তে ঘটনার সাথে তার সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে হেফাজতে রাখা প্রয়োজন।

উল্লেখ্য, বারিধারায় ফুটপাতে বসে থাকা অবস্থায় গাড়িচাপায় প্রাণ হারান নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীম, যার উপার্জনে মায়ের জন্য একটি নতুন ঘর তৈরির স্বপ্ন ছিল। এই মৃত্যুর ঘটনায় তার বড় ভাই মোক্তাদীর ইসলাম বাদী হয়ে ২৩ সেপ্টেম্বর গুলশান থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে আকাশ মারক (৪৪) নামে এক ব্যক্তিকে আসামি করে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে হত্যার অভিযোগ আনা হয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে