ঢাকা
ঢাকা, শনিবার, ৩০ মে, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ৩০ মে, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ২৩ দিন নিখোঁজ থাকার পর সেই পুলিশ কর্মকর্তা উদ্ধার

২৩ দিন নিখোঁজ থাকার পর সেই পুলিশ কর্মকর্তা উদ্ধার

নবপ্রকাশ ডেস্ক:
নিখোঁজ হওয়ার ২৩ দিন পর রাজধানীর কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকারকে (৩২) উদ্ধার করা হয়েছে।
বুধবার (২০ মে) দুপুরে নিখোঁজ এই পুলিশ কর্মকর্তাকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক।
তিনি বলেন, “আমরা ভোরে গুলিস্তানের কাছে সরকারি কর্মজীবী হাসপাতালে তার অবস্থান জানতে পেরে তাকে উদ্ধার করি।” । তবে তিনি এতদিন কোথায় ছিলেন, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

তার সঙ্গে কথা বলে পরে বিস্তারিত জানানো হবে।
এর আগে ২৮ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে কাঁঠালবাগান পুলিশ ব্যারাক থেকে রাত্রিকালীন ডিউটির উদ্দেশ্যে সাধারণ পোশাকে বের হন এসআই রাকিবুল হাসান সরকার।

তবে এরপর তিনি আর থানায় পৌঁছাননি। ওইদিন থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল।
নিখোঁজ হওয়ার ঘটনায় কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পাশাপাশি তার সন্ধান চেয়ে দেশজুড়ে সব থানায় বার্তা পাঠানো হয়েছিল। দীর্ঘ ২৩ দিন নিখোঁজ থাকার পর বুধবার অবশেষে তার সন্ধান মিলেছে।
পুলিশ সূত্র জানায়, উদ্ধার হওয়ার পর এসআই রাকিবুলের সঙ্গে কথা বলে নিখোঁজ থাকার কারণ ও এ সময়ের গতিবিধি জানার চেষ্টা চলছে।

বুধবার রাকিবকে খুঁজে পাওয়ার বিষয়ে ওসি বলেন, সরকারি কর্মজীবী হাসপাতালে তিনি চিকিৎসা নিতে গেলে সেখানে থাকা লোকজন থানায় খবর দেন।

তাকে সেখান থেকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে ভর্তি করার তথ্য দিয়ে ফজলে আশিক বলেন, “দীর্ঘদিন নিখোঁজ থাকার সময় খাওয়া-দাওয়া অনিয়মিত হওয়ায় এবং শরীর দুর্বল হওয়ায় গোপনে সরকারি কর্মজীবী হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলেন রাকিবুল।”

নিখোঁজ হওয়ার পর থেকে এসআই রাকিব ঢাকায় ছিলেন এবং বিভিন্ন আবাসিক হোটেলে রাত্রিযাপন করেছেন, এমন তথ্য পাওয়ার কথা বলেছেন ওসি।

তিনি বলেন, “রাকিব কেন এমন করেছেন, সে ব্যাপারে তাকে ঊর্ধ্বতন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করবেন।”

এসআই রাকিবুল হাসান সরকারের বাড়ি শ্রীপুর উপজেলার বাপ্তা গ্রামে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে