নবপ্রকাশ ডেস্ক:
এক ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়ী ব্রুনো আভেলারে নিহত হয়েছেন। ব্রাজিলের সান্তা ক্যাটারিনা অঙ্গরাজ্যে সংঘটিত এই মর্মান্তিক দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা মোট পাঁচজনের কেউই বেঁচে ফেরেননি।
মঙ্গলবার পুলিশ ও উদ্ধারকারী সংস্থা নিহতদের পরিচয় নিশ্চিত করেছে। নিহতরা হলেন— ব্যবসায়ী ব্রুনো আভেলার, সংগীতশিল্পী রিক, ভিডিও নির্মাতা পাওলো সোয়ারেস, পাইলট আন্তোনিও এবং সহকারী পাইলট লিওপোলদো।
সোমবার সকালে পোর্তো বেলো থেকে সাও জোয়াকিমের উদ্দেশে যাত্রা করেছিল বেল ৪৩০ মডেলের হেলিকপ্টারটি। বিকেলে প্রতিকূল আবহাওয়া ও তীব্র ঝড়ের মুখে পড়ে সেটির সংকেত বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে বিমানবাহিনী, ফায়ার সার্ভিস ও ড্রোন প্রযুক্তির সহায়তায় ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়।
কাছের বন্ধুর এমন আকস্মিক মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছেন নেইমার। সামাজিক যোগাযোগমাধ্যমে স্মৃতিচারণমূলক ভিডিও শেয়ার করে তিনি বন্ধুকে শ্রদ্ধা জানান এবং আত্মার শান্তি কামনা করেন। নিহত আভেলারে নেইমারের পারিবারিক কাজের পাশাপাশি তাঁর ক্লাব সান্তোসের বিভিন্ন বিপণন ও স্টেডিয়াম সংস্কার প্রকল্পের গুরুত্বপূর্ণ দায়িত্বে যুক্ত ছিলেন। এ ঘটনায় শোক প্রকাশ করেছে ফুটবল ক্লাব সান্তোসও।
