স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই এখন তুঙ্গে। শনিবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে ব্রেন্টফোর্ডকে ৩-০ গোলে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের ওপর প্রবল চাপ সৃষ্টি করেছে ম্যানচেস্টার সিটি। জেরেমি ডকু, আর্লিং হালান্ডএবং ওমর মারমুশের গোলে জয় নিশ্চিত করে গানার্সদের সাথে পয়েন্ট ব্যবধান মাত্র ২-এ কমিয়ে এনেছে পেপ গার্দিওলার শিষ্যরা।
এভারটনের বিপক্ষে গত ম্যাচে ড্র করার পর এই ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না বর্তমান চ্যাম্পিয়নদের সামনে। প্রভাব বিস্তার করে খেললেও ব্রেন্টফোর্ডের রক্ষণ ভাঙতে সিটির সময় লেগেছে ১ ঘণ্টা। ম্যাচের ৬০ মিনিটে বেলজিয়ান উইঙ্গার জেরেমি ডকু তাঁর চিরচেনা স্টাইলে বাঁ দিক থেকে ভেতরে ঢুকে এক চমৎকার কার্লিং শটে ডেডলক ভাঙেন। এটি গত ৬ ম্যাচে ডকুর পঞ্চম গোল।
গোল হজম করার পর ব্রেন্টফোর্ড ম্যাচে ফেরার চেষ্টা করলেও ৭৫ মিনিটে গোলমুখের জটলার মধ্যে ব্যাকহিল করে বল জালে জড়ান গোলমেশিন আর্লিং হালান্ড। এই গোলের মাধ্যমেই সিটির জয় কার্যত নিশ্চিত হয়ে যায়। ম্যাচের ইনজুরি টাইমে বদলি খেলোয়াড় ওমর মারমুশ ব্যবধান ৩-০ করে ব্রেন্টফোর্ডের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন।

জয় পেলেও ম্যাচটি বিতর্কহীন ছিল না। ব্রেন্টফোর্ড দুটি পেনাল্টির জোরালো আবেদন করলেও রেফারি মাইকেল সালিসবারি তাতে সাড়া দেননি। বিশেষ করে কেভিন শাড এবং ম্যাথিউস নুনাসের মধ্যকার সংঘর্ষের ঘটনাটি ছিল বেশ বিতর্কিত। এছাড়া মেজাজ হারিয়ে নাথান কলিন্সকে আঘাত করার জন্য সিটি অধিনায়ক বার্নার্ডো সিলভা লাল কার্ড দেখা থেকে অল্পের জন্য বেঁচে যান।
সংক্ষিপ্ত স্কোর:
ম্যানচেস্টার সিটি: ৩ (ডকু ৬০’, হালান্ড৭৫’, মারমুশ ৯০+২’)
ব্রেন্টফোর্ড: ০
ফলাফল: ম্যানচেস্টার সিটি ৩-০ ব্যবধানে জয়ী।

তথ্য ও পরিসংখ্যান:
১. শিরোপার সমীকরণ: দুই দলেরই আর ৩টি করে ম্যাচ বাকি। আর্সেনাল বর্তমানে শীর্ষে থাকলেও আজ রবিবার ওয়েস্ট হ্যামের বিপক্ষে পয়েন্ট হারালে সিটি সুবিধাজনক অবস্থানে চলে আসবে।
২. রদ্রি’র অনুপস্থিতি: আজও দলের মাঝমাঠের প্রধান ভরসা রদ্রি’র অভাব বোধ করেছে সিটি। তবে টিজানি রেইন্ডার্স এবং বার্নার্ডো সিলভা মাঝমাঠের নিয়ন্ত্রণ ধরে রাখতে সক্ষম হন।
৩. ডনাবুমার ভুল ও রক্ষা: গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মার একটি ভুলের কারণে ব্রেন্টফোর্ড প্রায় গোল পেয়েই গিয়েছিল, তবে গোললাইন থেকে বল ক্লিয়ার করে দলকে রক্ষা করেন ম্যাথিউস নুনাস।
