ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » স্পেনে দাবানল: মাদ্রিদ অঞ্চলে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা

স্পেনে দাবানল: মাদ্রিদ অঞ্চলে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের রাজধানী মাদ্রিদ ও এর পার্শ্ববর্তী আভিলা প্রদেশে বেশ কয়েকটি দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বৃহস্পতিবার গভীর রাতে সেখানে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দেশটির সরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয় ।

দাবানল মোকাবিলায় দ্রুত প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম মোতায়েনের লক্ষ্যেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদ্রিদ অঞ্চলে আগুনের কারণে ১০ হাজার মানুষকে সরিয়ে নিতে হয়েছে। একই সঙ্গে সংকট মোকাবিলার দায়িত্ব দেওয়া হয়েছে সামরিক জরুরি ইউনিটকে।

মাদ্রিদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মাদ্রিদ অঞ্চলের বিভিন্ন স্থানে একযোগে কয়েকটি বনাঞ্চলে আগুন জ্বলছে| গত কয়েক দিনে অঞ্চলটির বিভিন্ন এলাকা থেকে মোট ১০ সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ভোরে স্পেনের সরকার মাদ্রিদ থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের আলদেয়া দে ফ্রেসনো এলাকার সাড়ে তিন হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বার্তা পাঠায়|

আভিলায় শুরু হওয়া দাবানলও নিয়ন্ত্রণের বাইরে ছড়িয়ে পড়ছে। স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, বুরগোহন্দো, এল তিয়েমব্লো এবং নাভালুয়েঙ্গা পৌরসভার বাসিন্দাদের ঘরের ভেতরে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

এল পাইস পত্রিকা জানায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এল তিয়েমব্লো এলাকার একটি গ্রামীণ পর্যটন কমপ্লেক্স এবং একটি আবাসন প্রকল্প থেকে এক হাজার ৫০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

সবচেয়ে বড় দাবানলটি মাদ্রিদের অপর পাশে, রাজধানী থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরের গুয়াদালাহারা প্রদেশে। গত বৃহস্পতিবার থেকে সেখানে ৩২ হাজার হেক্টর এলাকা পুড়ে গেছে।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ‘বর্তমানে আভিলা, লেওন, তোলেদো, মাদ্রিদ এবং স্পেনের আরও কয়েকটি এলাকায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে|’ তিনি জনগণকে ‘সর্বোচ্চ সতর্কতা’ অবলম্বন এবং কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

ইউরোপিয়ান ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেমের (ইএফএফআইএস) তথ্য অনুযায়ী, চলতি বছরে স্পেনে ইতোমধ্যে প্রায় এক লাখ ২৫ হাজার হেক্টর এলাকা পুড়ে গেছে। গত বছরে এর পরিমাণ ছিল তিন লাখ ৯৩ হাজার হেক্টর।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে