স্ত্রীর দায়ের করা পৃথক দুই মামলায় জামিন পেয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন। দুই মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তিতে এখন আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।
রবিবার (১৬ আগস্ট) দুপুরে ঢাকার পৃথক দুটি আদালতে শুনানি শেষে তার জামিন মঞ্জুর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামুনের আইনজীবী পলাশ রায়।
তিনি জানান, মামুনের আর কোনো মামলা না থাকায় তার কারামুক্তিতে বাধা নেই।
আইনজীবী সূত্রে জানা গেছে, মারধরের মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকি আসামির এক হাজার টাকা মুচলেকায় পুলিশ রিপোর্ট দাখিল হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেন।অন্যদিকে ফেসবুকে লাইভে এসে আত্মহত্যার চেষ্টার অভিযোগে ভাটারা থানায় করা মামলায় ঢাকার সিএমএম ২৬ নম্বর আদালতের বিচারক তার জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে, স্ত্রীর দায়ের করা কোটি টাকা যৌতুক দাবি ও শারীরিক নির্যাতনের মামলায় গত ২৪ জুলাই প্রিন্স মামুনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। অপরদিকে ২৩ জুলাই গভীর রাতে ভাটারা এলাকার বাসায় ফেসবুক লাইভে এসে সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালানোর অভিযোগে থানায় দ্বিতীয় মামলাটি করেন তার স্ত্রী আতিকিয়া ফাইজাহ মোহনা। পরবর্তী সময়ে ২৫ জুলাই তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার এসআই ইয়াউর রহমান তাকে আত্মহত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানালে আদালত ২৯ জুলাই আসামির উপস্থিতিতে তাকে ফের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
