ঢাকা
ঢাকা, বুধবার, ১৩ মে, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, বুধবার, ১৩ মে, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » সুন্দরবন সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে “আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন-২০২৬” অনুষ্ঠিত

সুন্দরবন সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে “আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন-২০২৬” অনুষ্ঠিত

দাকোপ (খুলনা) প্রতিনিধি: যুব সমাজের ক্ষমতায়ন এবং সুন্দরবনের পাশ্ববর্তী মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের মাধ্যমে সুন্দরবন সংরক্ষণ জোরদার করার লক্ষ্যে “আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণবিষয়ক সংগঠন ওয়াইল্ডটিম (WildTeam)-এর উদ্যোগে মঙ্গলবার সকালে খুলনার দাকোপ উপজেলার তালুকদার আখতার ফারুক মাধ্যমিক বিদ্যালয়ে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

সকাল ১০টায় বিদ্যালয়ের নির্ধারিত কক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং নেতৃত্বের গুণাবলী বিকাশের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সুন্দরবন সংরক্ষণে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

ক্যাম্পেইনের অংশ হিসেবে শিক্ষার্থীরা কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সচেতনতামূলক র‍্যালিতে অংশগ্রহণ করে। প্রতিযোগিতাগুলোতে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন বিভাগের প্রতিনিধি শাহ মো. আব্দুল্লাহ, ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) সদস্য স্বপন কবিরাজ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং ওয়াইল্ডটিমের সদস্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার মণ্ডল।

বক্তারা বলেন, সুন্দরবন শুধু একটি বন নয়, এটি বাংলাদেশের পরিবেশ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। সুন্দরবন দেশের উপকূলীয় অঞ্চলকে প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তারা আরও বলেন, “সুন্দরবন বাংলাদেশের ফুসফুসের মতো কাজ করে। তাই এই বন রক্ষা করা আমাদের সবার নাগরিক দায়িত্ব। হরিণ শিকার বন্ধ, বনজ সম্পদের অপব্যবহার রোধ এবং বাঘ-মানুষ সংঘাত কমানোর মাধ্যমে সুন্দরবন সংরক্ষণ আরও শক্তিশালী করা সম্ভব।”

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতেই এ ধরনের ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সুন্দরবন সংরক্ষণে স্থানীয় জনগণ ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে আরও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে