ঢাকা
ঢাকা, সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » সুন্দরবন রক্ষায় জয়মনি মাধ্যমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

সুন্দরবন রক্ষায় জয়মনি মাধ্যমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক, মোংলা: সুন্দরবন রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব আচরণে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাগেরহাটের মোংলায় এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট (সোমবার) মোংলা উপজেলার জয়মনি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে পরিবেশ বিষয়ক বেসরকারি সংস্থা ‘ওয়াইল্ডটিম’ (WildTeam)-এর উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
দিনব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্নতা বিষয়ক উপস্থিত বক্তৃতা, বিদ্যালয় প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান এবং বর্জ্য ব্যবস্থাপনা ও বর্জ্য বিষয়ক জরিপ পরিচালনা করা হয়। অভিযানে শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন স্থান থেকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে অপসারণ করে। একই সাথে বর্জ্যের ধরন, পরিমাণ ও ব্যবস্থাপনা বিষয়ে তথ্য সংগ্রহ করে বিদ্যালয় ও আশপাশের এলাকার বর্জ্য ব্যবস্থাপনার একটি সামগ্রিক চিত্র তুলে ধরা হয়।
অনুষ্ঠানে জয়মনি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব শহিদুল ইসলাম, বন বিভাগের চাঁদপাই স্টেশনের স্টেশন কর্মকর্তা, আর্থস্কাউট সদস্য এবং ওয়াইল্ডটিমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, সুন্দরবন শুধু বাংলাদেশের অনন্য প্রাকৃতিক সম্পদই নয়; এটি আমাদের জীববৈচিত্র্য, উপকূলীয় পরিবেশ ও স্থানীয় জনগোষ্ঠীর জীবিকার প্রধান ভিত্তি। বিশ্বঐতিহ্য সুন্দরবনকে সুরক্ষিত রাখতে হলে স্থানীয় তরুণ প্রজন্মকে পরিবেশ সংরক্ষণে সক্রিয়ভাবে সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই।
আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, পরিচ্ছন্ন পরিবেশ ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনা সুন্দরবন সংরক্ষণের অন্যতম প্রধান শর্ত। বিদ্যালয়ভিত্তিক এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ বিষয়ে দায়িত্বশীলতা তৈরি হবে, যা ভবিষ্যতে স্থানীয় পর্যায়ে পরিবেশ রক্ষা আন্দোলনকে আরও জোরদার করবে।
কর্মসূচি থেকে “পরিচ্ছন্ন পরিবেশ, সুরক্ষিত সুন্দরবন” স্লোগানকে সামনে রেখে সুন্দরবন রক্ষায় স্থানীয় জনগোষ্ঠী, শিক্ষাপ্রতিষ্ঠান, বন বিভাগ, তরুণ স্বেচ্ছাসেবী ও উন্নয়ন সংস্থাগুলোর সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়। সুন্দরবন সংলগ্ন এলাকার তরুণদের পরিবেশ রক্ষায় সচেতন ও সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তুলতে এই উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে