ঢাকা
ঢাকা, বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » সুনামগঞ্জ-হবিগঞ্জে ৩৯৬ কোটি টাকার সড়ক-সেতু প্রকল্প অনুমোদন

সুনামগঞ্জ-হবিগঞ্জে ৩৯৬ কোটি টাকার সড়ক-সেতু প্রকল্প অনুমোদন

নবপ্রকাশ ডেস্ক:

হাওরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন এবং সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত পুনর্বাসনে ৩৯৬ কোটি ৭১ লাখ ৮ হাজার ৪৮০ টাকার তিনটি গুরুত্বপূর্ণ ক্রয় ও ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। অনুমোদিত প্রকল্পের মাধ্যমে সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীর ওপর ২৬৪ কোটি টাকা ব্যয়ে সুদৃশ্য সেতু ও উড়াল সড়ক নির্মাণ এবং হবিগঞ্জ-সুনামগঞ্জ অঞ্চলের ক্ষতিগ্রস্ত সড়ক ও কালভার্ট পুনর্বাসনে ১২৩ কোটি ২১ লাখ টাকা ব্যয় করা হবে।

বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে প্রস্তাবগুলোর আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।

সুনামগঞ্জে ২৬৪ কোটিতে সুরমা নদীর ওপর সেতু ও উড়াল সড়ক

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, ‘হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের অধীনে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সুরমা নদীর ওপর ২৭৭ মিটার দৈর্ঘ্যের ক্যান্টিলিভার সেতু নির্মাণ করা হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সার্বিক তত্ত্বাবধানে সরকারি অর্থায়নে বাস্তবায়িত এই কাজের মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২৬৪ কোটি টাকা।

সেতুটির মূল দৈর্ঘ্যের পাশাপাশি দুই পাশে প্রায় ৯৯৮ মিটার দীর্ঘ সুদৃশ্য উড়াল সেতু এবং প্রয়োজনীয় সংযোগ সড়ক নির্মাণ করা হবে। ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের (আইডব্লিউএম) কারিগরি সুপারিশ পর্যালোচনা শেষে উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ায় যৌথ উদ্যোগের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে চুক্তি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ২০২৭ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মেগা প্রকল্পটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

১২৩ কোটি টাকায় বন্যাবিধ্বস্ত সুনামগঞ্জ-হবিগঞ্জের সড়ক পুনর্নির্মাণ

২০২২ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জ সড়ক বিভাগের অধীন বিভিন্ন মহাসড়ক, সেতু ও কালভার্ট জরুরি ভিত্তিতে পুনর্নির্মাণ ও টেকসই পুনর্বাসনে ১২৩ কোটি ২১ লাখ ২ হাজার ৭৪৮ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) প্রকল্পটি পরিচালনা করছে। সর্বনিম্ন দরদাতা হিসেবে কামরুল অ্যান্ড ব্রাদার্সকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে।

চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে সরাইল-নাসিরনগর-লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক সড়কের বিভিন্ন পয়েন্টে মাটি ভরাট, বিদ্যমান পাকা রাস্তা প্রশস্তকরণ, আরসিসি ড্রেনেজ ও কংক্রিট ব্লকের শক্তিশালী প্রটেকশন দেয়াল নির্মাণের কাজ শেষ করা হবে।

রেলবাজার রেলওভারপাস নির্মাণে ভেরিয়েশন বাবদ ৯.৫০ কোটি টাকা অনুমোদন

একই বৈঠকে কুষ্টিয়া-ত্রিমোহনী-মেহেরপুর-চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের ৮১তম কিলোমিটারে নির্মাণাধীন ‘রেলবাজার রেলওয়ে ওভারপাস’ প্রকল্পের ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ৯ কোটি ৫০ লাখ ৫৭৪ টাকা অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে মূল চুক্তিমূল্য ৬৪ কোটি টাকা থেকে বেড়ে মোট ৭৩ কোটি ৫০ লাখ ৫৭৫ টাকায় উন্নীত হয়েছে।

সড়ক বিভাগ জানিয়েছে, বাংলাদেশ রেলওয়ের নীতিগত চাহিদার পরিপ্রেক্ষিতে ওভারপাসের সেফটি ইন্টারলকিং নিশ্চিত করতে উল্লম্ব ছাড়পত্র (Vertical Clearance) ১.৩০ মিটার বাড়ানো হয়। এতে ওভারপাসের মূল ভিত্তির উচ্চতা এক মিটার বাড়ার ফলে সংযোগ সড়কের দৈর্ঘ্য ৩৩০ মিটার থেকে ৪৩২ মিটারে উন্নীত হয়। আন্তর্জাতিক ও জাতীয় নকশা অনুযায়ী রিটেইনিং দেয়ালের পরিধি বেড়ে যাওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের অতিরিক্ত ভেরিয়েশন প্রস্তাবটি গৃহীত হয়।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে