ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » সাবিলার নতুন রূপ ‘কানাভুলো প্যারাডক্স’

সাবিলার নতুন রূপ ‘কানাভুলো প্যারাডক্স’

বিনোদন ডেস্ক:

অভিনয়ের দৃষ্টিভঙ্গি ও পর্দায় নিজেকে বৈচিত্র্যময় রূপে উপস্থাপনের মাধ্যমে ওটিটি, ছোটপর্দা এবং রুপালি পর্দায় নিজের অবস্থান সুদৃঢ় করে চলেছেন অভিনেত্রী সাবিলা নূর। বাণিজ্যিক সিনেমা ‘তাণ্ডব’-এর মাধ্যমে বড়পর্দায় যাত্রার পর থেকেই প্রতিটি কাজে মিলছে দর্শক-সমালোচকদের প্রশংসা। এবার একেবারেই নতুন এক চ্যালেঞ্জ নিয়ে হাজির হচ্ছেন এই অভিনেত্রী।

মোহাইমিনুল ইসলাম বাপ্পীর উপন্যাস ‘কানাভুলো প্যারাডক্স’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে একই নামের একটি চলচ্চিত্র। তানিম নূরের প্রযোজনায় ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন স্বাধীন ও সুষ্ময়, যা পরিচালনায় তাঁদের অভিষেক। এর আগে ‘বনলতা এক্সপ্রেস’ ছবিতে স্বাধীন চিত্রনাট্যকার এবং সুষ্ময় প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন। এই ছবিতে সাবিলার বিপরীতে দেখা যাবে শরিফুল রাজকে।

নতুন এই প্রজেক্ট নিয়ে সাবিলা নূর জানান, এটি তাঁর ক্যারিয়ারের জন্য একটি বড় পরীক্ষা ও বিশাল চ্যালেঞ্জিং প্রজেক্ট। চরিত্রটির জন্য তাঁকে নিতে হচ্ছে কঠিন প্রস্তুতি, যা এখনই খোলাসা করতে চান না তিনি। সাবিলার ভাষায়, ‘আমি এমন চরিত্র করতে চাই যা একদমই সাবিলার মতো না; নিশাত, চিত্রা বা মীরার চেয়ে সম্পূর্ণ আলাদা। ট্রেলার বা ছবি মুক্তির পরই দর্শক বুঝতে পারবেন এই চরিত্রের জন্য কতটা প্রস্তুতি নিতে হয়েছে।’

ক্যারিয়ারের শুরু থেকেই টাইপকাস্ট না হয়ে নিজেকে বারবার ভাঙার চেষ্টা করছেন সাবিলা। প্রথম ছবি ‘তাণ্ডব’-এর অ্যাকশন ও গানভিত্তিক চরিত্রে নিশাত হয়ে নজর কাড়েন। এরপর ‘বনলতা এক্সপ্রেস’-এ সাদামাটা ‘চিত্রা’ এবং ‘রকস্টার’-এ মেগাস্টার শাকিব খানের বিপরীতে ‘মীরা’ চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন। বর্তমানে ছোটপর্দার ব্যস্ততা কমিয়ে মন দিয়েছেন বড়পর্দায়।

পরিকল্পনা অনুযায়ী সব এগোলে শিগগিরই আসবে নতুন ছবির আনুষ্ঠানিক ঘোষণা। আপাতত ‘কানাভুলো প্যারাডক্স’-এর গভীরে ডুব দিতে এবং ভিন্ন এক গল্প ও চরিত্র ফুটিয়ে তুলতে নিজেকে প্রস্তুত করছেন এই অভিনেত্রী।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে