ঢাকা
ঢাকা, শনিবার, ১৩ জুন, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৩ জুন, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » সাংবাদিকদের পাওনা দ্রুত পরিশোধের আহ্বান বিএফইউজে-ডিইউজের

সাংবাদিকদের পাওনা দ্রুত পরিশোধের আহ্বান বিএফইউজে-ডিইউজের

বিজ্ঞপ্তি: আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও সংবাদকর্মীদের বেতন-ভাতা এবং ঈদ বোনাস অবিলম্বে পরিশোধের জোর দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন।

বুধবার (২০ মে) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী এবং ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম দিদার।

বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, ঈদুল আজহা ঘনিয়ে এলেও দেশের বহু গণমাধ্যম প্রতিষ্ঠান এখনও সাংবাদিক ও কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা পরিশোধ করেনি। অনেক প্রতিষ্ঠানে কয়েক মাসের বকেয়া বেতন ঝুলে আছে। এমনকি ঈদ বোনাস নিয়েও মালিকপক্ষের টালবাহানা চলছে, যা গণমাধ্যমকর্মীদের মধ্যে চরম হতাশা ও অনিশ্চয়তা তৈরি করেছে।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, কিছু গণমাধ্যম প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরেই শ্রম আইন ও ওয়েজ বোর্ডের বিধান যথাযথভাবে অনুসরণ করছে না। নামমাত্র বেতন দিয়ে সাংবাদিকদের কাজ করানো হলেও ঈদের মতো গুরুত্বপূর্ণ সময়েও তাদের ন্যায্য পাওনা পরিশোধে গড়িমসি করা হচ্ছে। অথচ এসব প্রতিষ্ঠান সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণ করছে এবং ওয়েজ বোর্ড বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে আসছে।

বিবৃতিতে বলা হয়, সাংবাদিকরা রাষ্ট্র, সমাজ ও গণতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ। দিন-রাত পরিশ্রম করে তারা মানুষের কাছে তথ্য পৌঁছে দেন। কিন্তু বাস্তবতা হলো, অনেক সংবাদকর্মী এখনও মানবেতর জীবনযাপন করছেন। পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপনের মতো ন্যূনতম আর্থিক নিশ্চয়তাও তাদের নেই। এ পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক ও অমানবিক।

সাংবাদিক নেতারা বলেন, দেশের গণমাধ্যম শিল্প টিকিয়ে রাখতে হলে সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। বেতন-বোনাস বকেয়া রেখে কোনো প্রতিষ্ঠান সুস্থ গণমাধ্যম পরিবেশ বজায় রাখতে পারে না। তাই ঈদের আগেই সাংবাদিকদের সব বকেয়া বেতন, ভাতা ও উৎসব বোনাস পরিশোধে সংশ্লিষ্ট মালিকপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

বিবৃতিতে দৈনিক জনকণ্ঠে বিদ্যমান সংকটের বিষয়টিও বিশেষভাবে তুলে ধরা হয়। সেখানে কর্মরত সাংবাদিক ও কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা এবং ঈদ বোনাস দ্রুত পরিশোধ করে চলমান সংকটের স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

এছাড়া রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা-এ গত ১৭ বছরে সৃষ্টি হওয়া অনিয়ম, বৈষম্য ও প্রশাসনিক জটিলতা নিরসনে সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান সাংবাদিক নেতারা।

বিবৃতির শেষে বিএফইউজে ও ডিইউজে নেতারা বলেন, সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়ে তারা সবসময় সোচ্চার ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। ঈদের আগে সাংবাদিকদের বেতন-বোনাস পরিশোধ না হলে উদ্ভূত পরিস্থিতির দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই বহন করতে হবে বলেও সতর্ক করেন তারা।

এন পি

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে